আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
বিন লাদেনের চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ, ৯ বাসে আগুন
রবিবার, ১ মে ২০১৬
সৌদি আরবের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান ‘বিন লাদেন গ্রুপ’ ৫০ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়ার পর মক্কায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। চাকরিচ্যুত শ্রমিকদের অন্তত চার মাসের বেতন বকেয়া রেখেই সৌদি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে শ্রমিকরা।
আন্দোলনের দ্বিতীয় দিন (শনিবার) রাতে বিন লাদেন গ্রুপের মক্কার অফিসে বিক্ষোভের পর তাদের একটি বাসের ডিপোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে অন্তত ৯টি বাস পুড়ে যায়।
আর্থিক সঙ্কটের কারণে বিন লাদেন গ্রুপ গত শুক্রবার তাদের ২৫ শতাংশ শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়। চার-পাঁচ মাসের বেতন বকেয়া রেখেই ৫০ হাজার শ্রমিকের হাতে এ সংক্রান্ত চিঠি ধরিয়ে দেয়া হয়েছে।
‘বিন লাদেন গ্রুপ’ লাদেন পরিবারের মাধ্যমে পরিচালিত হয় এবং ক্ষমতাসীন আল সৌদ পরিবারের সঙ্গে এ গ্রুপের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিন লাদেন গ্রুপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত।
ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্যে অন্তত ১০ ভাগ বাংলাদেশি বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেদ্দা কনস্যুলেটের একজন কর্মকর্তা রোববার সন্ধ্যায় বাংলামেইলকে বলেন, ‘আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি, সেখানে বাংলাদেশি নাই। ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্যে অধিকাংশই ইন্ডিয়ান নাগরিক।’
১৯৩১ সালে সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়েদার প্রয়াত প্রধান বিন লাদেনের বাবা শেখ মোহাম্মাদ বিন লাদেন এটি প্রতিষ্ঠা করেন। তবে ওসামা বিন লাদেনের পরিবারের দাবি, তারা ৯০ দশকেই আল-কায়েদা নেতার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন।
বিন লাদেন গ্রুপ সৌদি আরবের জেদ্দায় ‘কিং আব্দুল আজিজ বিমান বন্দর’সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছে। এ প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি শ্রমিকও কাজ করেন।

