শুক্রবার, ০৮ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
বিনোদন ডেস্ক : সব জল্পনায় ইতি টেনে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ হতে চলেছেন অমিতাভ বচ্চন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি সূত্রের খবর, পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে অমিতাভকেও। সূত্রের আরও দাবি, ‘অতিথি দেব ভবঃ’ প্রচারটিতে আগামী তিন বছরের জন্য থাকছেন অমিতাভ। এর আগে বিগত দশ বছর ধরে বেসরকারি সংস্থার মাধ্যমেই চুক্তি করা হত। এ বার সরাসরি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক বর্ষীয়ান এই বলিউড অভিনেতাকে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র প্রচার কাজে নিযুক্ত করল। এর আগে বিগত দশ বছর আমির খান ছিলেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র প্রচারের মুখ। গত বুধবারই জানা যায়, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আর থাকছেন না আমির। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র প্রচার থেকে সরে যেতে হল আমিরকে?
কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি দফতরের মন্ত্রী মহেশ শর্মা সাফ জানিয়ে দেন, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আর থাকছেন না আমির। কারণ, বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়েছে আমিরের। অতয়েব, বুধবার থেকেই শুরু হয় জল্পনা যে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ কে হতে চলেছেন? তবে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ হিসেবে নরেন্দ্র মোদীর গুজরাতের পর্যটন প্রচারের মুখ অমিতাভের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল। আর সেই সম্ভাবনাই সত্যি হল।
গত কাল এ বিষয়ে শাহেনশার থেকে তাঁর মত জানতে চাওয়া হলে তিনি বলেন, “এখনও কেউ আমাকে এ বিষয়ে কিছু বলেননি। তবে আমি দেশের জন্য এই ধরনের প্রচারে কাজ করতে ভীষণভাবে আগ্রহি। আমি দেশের জন্য এই ধরণের প্রচারের কাজ আগেও অনেক করেছি। আমার কাছে এই প্রস্তাব এলে আমি খুব খুশিই হব।”
তবে প্রচারের মুখ যিনিই হোন না কেন ভারত যে ‘ইনক্রেডিবল’ তাতে কোনও সন্দেহ নেই।
