শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
সাভার: গাজীপুর জেলার সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকালে আশুলিয়ার আউকপাড়া কনকর্ড রেইনবো টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অজ্ঞাত আনুমানিক(২২) এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। কনকর্ড রেইনবো টাউনের একটি টিনসেড ঘরে লাশটি রেখে তারা পালিয়ে যায়। পরে বিকেলে কনকর্ড রেইনবো টাউন এলাকার নিরাপত্তা কর্মীরা ওই খালি ঘরে গিয়ে অজ্ঞাত ওই যুবকের হাত পা বাধা ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। এসময় আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবকের পড়নে ছিল জিন্সের প্যান্ট ও শার্ট ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে দুর্বৃওরা তাকে হত্যা করেছে তদন্ত চলছে ও তার পরিচয় জানার চেষ্টা চলছে।
