শিরোনাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন, অজ্ঞান করার উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রসহ আটক ১

বুধবার, ২০ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

sah amanatরাশেদুল করিম, চট্রগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে চট্টগ্রাম আসার সময় একটি ড্রোন, অজ্ঞান করার উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র সিকিউরিটি স্টান গান ও এলইডি লাইটসহ একজনকে আটক করা হয়েছে ।

আটককৃত ব্যাক্তির নাম মোঃ সোলাইমান (৩২) বলে জানা যায় । তিনি পটিয়া এলাকার বাসিন্দা ।

গতকাল মঙ্গলবার সকাল ১০টর দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের পর পরীক্ষা-নিরীক্ষা শেষে মালামাল জব্দসহ তাকে গ্রেপ্তার করেন। পরে বুধবার সকালে তার বিরুদ্ধে একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আসামিকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জাকির হোসেন সিটিজিবার্তা২৪ডটকমকে জানান , গোপন সংবাদের ভিত্তিতে সোলায়মান নামে দুবাই থেকে আসা একযাত্রীর লাগেজ খুলে সেখানে একটি ২ দশমিক ৪ গিগাহার্টজের ক্যামরাযুক্ত ড্রোন এবং ১ মিলিয়ন ভোল্টেজের ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতাসম্পন্ন একটি সিকিউরিটি স্টান গান এবং ৪২টি এলইডি লাইট পাওয়া যায়। ড্রোন দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপন স্থাপনার ছবিসহ উপর থেকে ছবি ধারণ করা যায়। আর স্টান গান দিয়ে মানুষকে দ্রুত অজ্ঞান করা যায়। এসব মালামাল আনার বিষয়ে সোলায়মান কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ।

পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, ‘শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা সোলায়মান নামে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ খুলে সেখান থেকে ড্রোন, এলইডি লাইট ও অজ্ঞান করার যন্ত্রসহ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আমরা রিমান্ডে এনে এসব যন্ত্র আনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করব।’ জব্দ হওয়া যন্ত্রগুলো কাস্টমসের নিলাম শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান ওসি।




Leave a Reply