শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বন্দরনগরী চট্টগ্রামে দেখা দিয়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর, এসব রোগে সবচে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ অবস্থায় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে শিশুস্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে বেড রয়েছে ৬৬টি। তবে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি আছে হাসপাতালে।
শীত-জনিত রোগ নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিসসহ শ্বাস জনিত নানা রোগে আক্রান্ত রোগী যেমন রয়েছে, তেমনি আছে ডায়রিয়া আক্রান্ত রোগীরাও। এদিকে শীতের সাথে শিশুদের রোগের প্রকোপ বাড়ায় চিন্তিত স্বজনরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের রোগীর ধারণ ক্ষমতা যেমন কম, তেমনি রয়েছে চিকিৎসকসহ নার্সের অপ্রতুলতা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রনব কুমার চৌধুরী বলেন, ‘অসুস্থ বাচ্চা আসলেই যাদের ভর্তি প্রয়োজন আছে তাদেরকে আমরা কিন্তু ফিরিয়ে দিচ্ছি না। আমাদের কষ্ট স্বত্বেও প্রতিটি বাচ্চা যাতে ভাল সেবাটা পায় সেজন্য আমরা চেষ্টা করছি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়াও মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতালেও ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।

