যুব বিশ্বকাপ আয়োজনের জন্য শতভাগ প্রস্তুত চট্টগ্রাম : আ জ ম নাছির

শনিবার, ০৯ জানুয়ারী ২০১৬ ১৭:২০

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

যুব বিশ্বকাপ আয়োজনের জন্য শতভাগ প্রস্তুত চট্টগ্রাম : আ জ ম নাছির

চট্টগ্রাম: আসন্ন অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ আয়োজনের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা দিতে শতভাগ প্রস্তুত রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন উপলক্ষে সিটি মেয়র ও বিসিবি’র সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও খেলা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে তিনি এ কথা বলেন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম বার আউলিয়ার পুণ্যভূমি। চট্টগ্রাম বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য নিরাপদ ও শান্তির এলাকা। চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সবাই আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সুষ্ঠু, সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ। এসময় তিনি আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন নগরীর সার্বিক নিরাপত্তায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

বৈঠকে সর্বোচ্চ নিরাপত্তা বিধান সহ ক্রিকেট খেলার এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ভেনুর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশানর একেএম শহিদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহবুবুল আলম, উপ-পুলিশ কশিনার মাসুদ উল হাসান, হারুন-উর রশিদ হায়াত, হাসান মোহাম্মদ শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, জহুর আহমদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়ামের ভেনু ম্যানেজার ফজলে রাব্বি খান রুবেল, আব্দুল হান্নান আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব বিশ্বকাপের এগারোতম আসরটি আগামী ২৭ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে, চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ২২ জানুয়ারি থেকে শুরু হবে অনুশীলন ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, ফিজি, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, নামিবিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।




Leave a Reply