০৯ জানুয়ারি ২০১৬, ১৭:৩১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬, ১৯:০০
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকার সি ব্লকের ১৯/৪ হোল্ডিং নম্বরের একটি চারতলা ভবন হেলে পড়েছে।
শনিবার বেলা সোয়া ৩টার দিকে ভবনটি হেলে পড়ে। ভবনের বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভজন কুমার সরকার।
স্থানীয়দের সূত্রে জানাযায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে এলাকাবাসী ভবনটি পাশের ৬ তলা ভবনের দিকে হেলে পড়তে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস, পুলিশ ও রাজউক কর্মকর্তারা। নিরাপদে সরিয়ে নেয়া হয় ভবনের বাসিন্দাদের।
পুরোনো তিনতলা ভবনের ওপর এখানে টিনশেড দিয়ে আরো একতলা নির্মাণ করা হয়েছে। ভবনটির দু’টি ফ্লোরে দু’টি পরিবার এবং বাকি দু’টি ফ্লোরে মেস বানিয়ে লোকজনের বসবাস। ভবনটি সিলগালা করে দিয়েছে রাজউক।
হেলে পড়া ভবনটির সামনে ভীড় জমিয়েছে উৎসুক জনতা। তবে কয়েকদিন আগে হওয়া ভূমিকম্পে, নাকি আজ বিকেলেই ভবনটি কাত হয়ে যায়, তা নিশ্চিত করে বলতে পারেনি এলাকাবাসী বা ভবনের বাসিন্দারা।

