রোববার, ২৩ আগস্ট, ২০১৫
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সরকার ‘ক্রসফায়ারের নীতি’ নিয়েছে বলে বিরোধী জোটের অভিযোগ নাকচ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গত সপ্তাহ খানেক ধরে বিভিন্ন মামলার আসামিদের র্যাব ও পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়াকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দাবি করে এর সমালোচনায় মুখর মানবাধিকার সংগঠনগুলোও।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এলে তথ্যমন্ত্রীর কাছে সাংবাদিকরা এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ক্রসফায়ার করে কাউকে বাগে আনার নীতি সরকারের নেই।”
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না দাবি করে তিনি বলেন, “এ ধরনের প্রত্যেক ঘটনার তদন্ত হয়। তদন্তে বিচারবহির্ভূতত হত্যাকাণ্ড হলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”
এই ধরনের তদন্তে কারও গ্রেপ্তার কিংবা বিচার হওয়ার নজির না দেখার কথা সাংবাদিকরা তুলে ধরলে তথ্যমন্ত্রী বলেন, “প্রত্যেক গুলির ঘটনায় তদন্ত হয়। আর কার আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হল, তারও তদন্ত হয় কেন গুলি করা হল।
“আটশর মতো র্যাব সদস্যকে বহিষ্কার করা হয়েছে, পুলিশও বহিষ্কার আছে। আপনারা র্যাব সদর দপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরে খবর নিয়ে বিষয়টি জানতে পারবেন।”
গত কিছু দিনে কথিত বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও রয়েছে। দলের পক্ষ থেকে এই ঘটনাগুলোকে হত্যাকা- বলে দাবি করা হয়েছে।
কথিত বন্দুকযুদ্ধে ঢাকায় নিহত হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়ার ভাই রোববার আদালতে র্যাবের বিরুদ্ধে মামলাও করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে কে কোন দলের, মুখ দেখে বাছা হয় না। এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না।”
তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার বিষয়ে ইনু বলেন, “৫৭ ধারা মানবাধিকার ও মুক্তমনা চিন্তার সঙ্গে সংঘর্ষিক নয়।”
সাইবার অপরাধ দমন নিয়ে একটি আইন তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আইনটি হলে তখন ৫৭ ধারা নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে।
৫৭ ধারায় জামিন না থাকার সুযোগের সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, “আইনজীবীরা আংশিক সত্য কথা বলছেন। সিআরপিসিতে এমন অনেক আইন আছে জামিন অযোগ্য।”
খালেদা জিয়ার ‘গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দিন’ বক্তব্যের প্রতিক্রিয়ায় জাসদ সভাপতি ইনু বলেন, “খালেদা জিয়া তো নিজেই নিজেকে গণতন্ত্রের কপাটের বাইরে নিয়ে গেছেন।
“গণতন্ত্রের দরজা খোলা রয়েছে। আগুন সন্ত্রাসী- নাশকতাকারীদের নিয়ে পেট্রোল বোমা ও গ্রেনেড ছুড়তে ছুড়তে বেগম জিয়া নিজেই গণতন্ত্রের চৌকাঠের ওপারে চলে গেছেন।”
সিটিজিবার্তা২৪ডটকম/ প্রকাশিত ঃ ১৮:৫৬:৩৭/ আরকে/মাসুদ
Ctgbarta24.com 24 hours Online News Paper
