ব্রেকিং নিউজ

ছাত্রলীগে শৃঙ্খলা ফেরাতে টাস্কফোর্স গঠনের পরামর্শ

সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

 

file

 

সিটিজিবার্তা২৪ডটকম নিউজডেস্ক ঃ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছাত্রলীগের সাবেক নীতিপরায়ন নেতাদের নিয়ে টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এখনই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। প্রথমে ছাত্রলীগকে নীতিপরায়ন ও আদর্শের দিকে নিয়ে যেতে হবে। এজন্য ছাত্রলীগের সাবেক নীতিপরায়ন নেতা তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের ও সৈয়দ আশরাফের মতো নেতাদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করতে হবে। তারা সারাদেশে ঘুরলেই ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনে শৃঙ্খলা, আদর্শ ও নীতিপরায়নতা ফিরেয়ে আসবে।’

জঙ্গি অর্থায়নের অভিযোগে তিন আইনজীবীকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘যতোক্ষণ পর্যন্ত আমরা জঙ্গি অর্থায়ন বন্ধ করতে না পারবো, ততোক্ষণ পর্যন্ত জঙ্গি মূলৎপাটন করা সম্ভব নয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ ধরনের অসংখ্য জঙ্গি অর্থায়ন ঢুকছে বাংলাদেশের অভ্যন্তরে। এ টাকার পরিমাণ একশ’ দুইশ’ টাকা নয়, হাজার হাজার কোটি টাকা।’

দেশে মামলার জট কমানোর জন্য সারাদেশে নতুন বিচারক নিয়োগের পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমেরিকায় প্রতি দশ হাজারে একজন, ভারতে বিশ হাজারে একজন আর বাংলাদেশে প্রতি দেড় লাখে একজন বিচারক। তাহলে বিচারটা কোথায় হবে? আগে মামলা ছিল ২৮ লাখ, এখন ৩০ লাখ। তাই এসব মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য সারাদেশে অন্তত ৫ হাজার বিচারক নিয়োগ দেয়া দরকার। তাদেরকে দ্রুত ট্রেনিং দিয়ে আদালতে পাঠাতে হবে।’ পাশাপাশি বিচারকদের বসার জায়গা বাড়ানোর জন্য নতুন আদালত ভবন নির্মাণ করারও পরামর্শ দেন তিনি।

টিআইবির ভূমি রিপোর্ট সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘টিআইবি রিপোর্ট দিলেই তাদের রিপোর্টের বিরোধিতা করতে হবে। আর তারা যা দিয়েছে সেটাই যে সত্যের পরাকাষ্ঠা এটাও বিশ্বাস করি না।’

ভূমি ব্যবস্থা আজো খুবই অবহেলিত মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো দেশ ভূমি ব্যবস্থার সংস্কার না করে এগুতে পারে না। বাংলাদেশের ভূমি ব্যবস্থার সংস্কার করতে হলে আগে এ ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে।’ পাশাপাশি নামজারিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নায়ায়ণ দেবনাথের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের নেতা মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

About admin