ব্রেকিং নিউজ

আঞ্চলিক মোটরযান চলাচল চুক্তির প্রস্তাব অনুমোদন

সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়- ফোকাস বাংলা

 

ঢাকা ঃ বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে স্বাক্ষরিত যাত্রীবাহী, ব্যক্তিগত ও মালবাহী মোটরযান চলাচল সম্পর্কিত চুক্তি অনুমোদনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, চুক্তিটি কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারগুলো কর্তৃক এর অনুমোদন প্রয়োজন ছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অন্যান্য দেশের সরকারের অনুসমর্থনের পর এই চুক্তি বাস্তবায়ন হবে।

মন্ত্রিসভা এর আগে গত ৮ জুন এই অঞ্চলের চার দেশের মধ্যে যোগাযোগের উন্নয়নে চুক্তিটির খসড়ায় অনুমোদন দেয়।

এরপর ১৫ জুন ভুটানের থিম্পুতে চার দেশের যোগাযোগমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ চুক্তি সই হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মোটরযান চুক্তি বাস্তবায়নে একটি ত্রিপাক্ষিক সমাঝোতা ও প্রস্তাব সই করতে হবে। এই সমঝোতা ও প্রস্তাব চূড়ান্ত করতে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকায় চার দেশের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, চার দেশের অংশগ্রহণে অক্টোবরে একটি মোটর র‌্যালি হবে। ওই র‌্যালি ভারতের ভূবনেশ্বর থেকে ঢাকা-চট্টগ্রাম হয়ে কোলকাতায় গিয়ে শেষ হবে।