বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪.কম
চট্টগ্রাম ঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নের জন্য নতুন বন্দর স্থাপন হোক কিন্তু কোনভাবেই চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করে নয়। একটি চক্রান্তকারী মহল চট্টগ্রাম বন্দরকে ধ্বংস পায়তারা করছেন। চট্টগ্রাম বন্দরের বিশাল তহবিল নানান অজুহাতে লুটপাট হচ্ছে। এসব অপকর্ম কিছুতেই মেনে নেওয়া যাবে না।
তিনি গতকাল চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কর্ণফুলী নদীর উপর পিলার সেতু বানিয়ে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় গভীরতা কমানো হয়েছে। নদীর নাব্যতা কমে যাওয়ায় কোন বড় জাহাজ অচিরেই চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারবে না। এর ফলে শুধু চট্টগ্রাম নয়; সারা বাংলাদেশের ভাগ্য বিপর্যয় ঘটবে।
তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরে বিরাজমান দুর্নীতির অভিযোগ সম্পর্কে বলেন, বন্দরের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং বন্দরের সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুদক যে মামলাটি দায়ের করেছে তা দ্রুত নিষ্পত্তি করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে বন্দরের সরাসরি নিয়ন্ত্রণে রাখার দাবি জানান এবং এক্ষেত্রে যে অনিয়মের মাধ্যমে একটি অযোগ্য প্রতিষ্ঠানকে ঠিকাদারী দেয়ায় বন্দরের সাধারণ শ্রমিকদের পেটে লাথি মারার অপচেষ্টা চলছে। এ বন্দরের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের ন্যায়ভিত্তিক অধিকার আদায় এবং বন্দরকে সচল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য তিনি আহ্বান জানান।
বিশেষ অতিথির ভাষণে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মহসিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে এর সক্ষমতা বাড়াতে হবে। কর্ণফুলী নদীকে রক্ষা করা না গেলে চট্টগ্রাম বন্দর তার মর্যাদা হারাবে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
গতকাল বিকেলে বন্দর রিপাবলিক ক্লাবে বিশিষ্ট শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা ওয়াহিদ উল্ল্যাহ সরকারের সভাপতিত্বে ও শহীদুল আলম বকুলের সঞ্চালনায় এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, ডক বন্দর ফেডারেশনের মাহফুজুল রহমান খান, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, ওয়ার্ড আওয়ামী লীগের এম.এ.মান্নান, হাজী হাসান, মো: ইলিয়াস, বন্দর শ্রমিক লীগের এয়ার আহম্মদ, মোহাম্মদ আলী মিন্টু, নুরু ছাফা ভুঁইয়া, গাজী আলমগীর, সাইফুর রহমান স্বপন, ইসকান্দার মিয়া, মীর নওশাদ, মহিউদ্দিন দস্তগীর, রেজাউল করিম, শামসুদ্দিন টুনু, সাইফুল হাসান সরকার, আবুল বশর, বাদশা মিয়া, ফিরোজ আহমেদ জাবেদ, ওহিদুল হক মিয়াজী, মোকরম হোসেন, আজিজুর রহমান আজিজ, রনি মির্জা, জাকারিয়া দস্তগীর প্রমুখ।
Ctgbarta24.com 24 hours Online News Paper