ব্রেকিং নিউজ

“মোটরযানহীন প্যারিস”

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

Paris_city

সিটিজিবার্তা২৪ ডেস্ক ঃ একটু কল্পনা করে দেখুনতো  ইউরোপের রাজধানীখ্যাত প্যারিস নগরীতে হাঁটছেন অথচ চোখে পড়ছে না একটিও মোটরযান। ব্যাপারটা বিশ্ববাসীর জন্য বেশ আশ্চর্যজনকই বটে। তবে ফ্রান্সের রাজধানী প্যারিসে যারা গেছেন তাদের জন্য বিশেষত প্যারিসবাসীর জন্য তো এটা আরও বিস্ময়কর। কারণ, নিজ চোখে দেখা তো দূরের কথা নিকট ইতিহাস ঘেঁটেও তারা বের করতে পারছেন না ঠিক কবে মোটরযানহীন ছিল প্যারিস!

অবিশ্বাস্য হলেও সত্যি, সামনে এমন দিনই আসতে যাচ্ছে প্যারিসে। যে দিন থাকবে না কোনো মোটরযানের কোলাহল, প্রয়োজন হবে না ট্রাফিক পুলিশের ব্যস্ততার। তবে হ্যাঁ, এ্যাম্বুলেন্সের মতো খুবই প্রয়োজনীয় যান ঠিকই চলাচল করবে।

সাংস্কৃতিক ও ঐতিহাসিক এই নগরীতে অবস্থান করা পর্যটকরাও ওই দিন চড়তে পারবেন না কোনো গাড়িতে। দূরে যেতে হলে যেতে হবে সাইকেলে চড়ে। আর কাছে হলে দুই পা-ই সম্বল!

তবে এটা স্থানীয় বাসিন্দা বা পর্যটক কারও জন্যই দুর্ভোগের হবে না; বরং সবাই উপভোগ করবেন শব্দদূষণ ও পরিবেশ দূষণমুক্ত শান্ত প্যারিসকে— এমনটাই বলেছেন নগরীর মেয়র আন্না হিদালগো। দিনটাকে তিনি ঐতিহাসিক বলেও মন্তব্য করেছেন।

Peris

এক দিনের ওই কার্যক্রমকে ‘উনে জার্নি সানস ভয়েচার’ (কারবিহীন দিন) নামকরণ করা হয়েছে।
পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে প্যারিস শহরের পাশাপাশি এর ১১টি প্রতিবেশী এলাকাগুলোও ওই দিন মোটরযানমুক্ত থাকবে।

ভাবছেন, কোন দিন মোটরযান বন্ধ থাকবে এটাই তো জানা হল না? উৎসুক পাঠকদের জন্য বলছি, দিনটি হল আগামী ২৭ সেপ্টেম্বর। ইতিহাসের সাক্ষী হতে চাইলে অনেকে ওই দিন প্যারিসে উপস্থিতও থাকতে পারেন! তথ্যসূত্র : ফোর্বস ম্যাগাজিন।