বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে তসলিম উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তসলিম উদ্দিন স্থানীয় খেজুরতলা গ্রামের তবির উদ্দিনের ছেলে।
পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, নিহত তসলিম উদ্দিন এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন।
পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, রাত সাড়ে তিনটার দিকে ফকিরাবাদ গ্রামের নওদাপাড়ায় আমোদ আলীর বাড়িতে চুরি করতে যান তসলিম উদ্দিন। এ সময় এলাকাবাসী নওদাপাড়ার মোড়ে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভোরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে গরু চুরি, ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
