শনিবার, ২১ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
অর্থনীতি ডেস্ক : উপযুক্ত পরিবেশ এবং সহায়তা দিলে সাধারণ মানুষ আয়কর দিতে আরো বেশি উৎসাহিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার কর কমিশনারের কার্যালয়ে শীতকালীন কর মেলা পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।
এদিকে, প্রথমবারের মত আয়োজিত শীতকালীন কর মেলার প্রথম দিনে প্রায় ২০ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছে বলে জানিয়েছে এনবিআর।
ছুটির দিনে রাজধানীর নানা প্রান্ত থেকে করদাতারা ভিড় জমান আয়কর মেলায়। শুরুর দিন থেকে মেলা চত্বরে ব্যাংকিং সেবা ও হেল্পডেস্ক না থাকায় করদাতাদের মাঝে ছিল কিছুটা অসন্তোষ। তবে, দ্বিতীয় দিনে করদাতাদের চাহিদার প্রেক্ষিতে স্বল্প পরিসরে হেল্পডেস্ক চালু করে মেলা কর্তৃপক্ষ।
এবারের আয়োজনের ত্রুটি স্বীকার করে ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে জানায় এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক।
এদিকে, উত্তরায় কর মেলা স্থল পরিদর্শন করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কর দেয়ার ব্যাপারে জনগণকে উৎসাহিত করাই এনবিআর-এর লক্ষ্য।
রাজধানীর দু’টি স্থানসহ দেশের ছয়টি বিভাগীয় শহরের ৮টি স্পটে আয়োজিত এ মেলা শনিবার শেষ হলেও এ মাসের ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন