শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ ফাঁসির দণ্ড কার্যকরের পর সাকা চৌধুরীকে চট্টগ্রামের রাউজানে কবর দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
সাকা চৌধুরীকে পারিবারিকভাবে কবর দেওয়ার প্রস্তুতি থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামে লাশ আসার পর চট্টগ্রাম থেকে রাউজান পর্যন্ত লাশ পরিবহন, জানাজা এবং কবর দেওয়া পর্যন্ত যাবতীয় আনুষ্ঠানিকতায় সব রকম সহায়তা প্রদান করবেন পুলিশ সদস্যরা।
এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।
চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দন্ড কার্যকর করা হলে তাকে কোথায় দাফন করা হবে তা এখনো আমরা জানি না। এটা তাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। যদি সালাউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রামের রাউজানের গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করা হবে। চট্টগ্রাম থেকে রাউজান গ্রামের বাড়ি পর্যন্ত লাশ পরিবহনে নিরাপত্তা দেবে পুলিশ।
এদিকে চট্টগ্রামে সাকা চৌধুরীর লাশ আনা হলে চট্টগ্রাম থেকে রাউজান লাশ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে লাশ পরিবহন প্রতিহত করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
অন্যদিকে রাউজান উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও রাউজানে সাকা চৌধুরীর লাশ দাফন করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
