বাকলিয়া জনকল্যাণ পরিষদের ইফতার মাহফিলে ড.আজহারী
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 25:06:2016 06:19:21 PM Saturday।।
আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট আলেমেদ্বীন ড. বি এম মফিজুর রহমান আল আজহারী বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস, আত্ম গঠনের মাস। রোজা পালনের মাধ্যমে সৃষ্টি কুলের প্রতি সমবেদনা, সদাচরণ, ত্যাগ ও সবরের শিক্ষা অর্জন করা যায়। মহাগ্রন্থ আল কোরআন নাযিল হওয়ার কারণেই এ মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, কোরআনের সংস্পর্শ ছাড়া কোন মুমিন নিজে ও সমাজকে পরিশুদ্ধ করতে পারবে না। অপসংস্কৃতি ও বেহায়পনা সমাজ ব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে এবং সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দেশবাসীকে কোরআনের দিকে ফিরে আসতে হবে।
গতকাল বিকালে বাকলিয়া জনকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পরিষদের আহবায়ক এস এম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক মোহাম্মদ ইসমাঈল, অধ্যাপক বুলবুল ইসলাম,অধ্যাপক মজিবুর রহমান, আবুল মনছুর, মাওলানা আবুল কালাম, নুর আহমদ, হামিদুল ইসলাম, আলহাজ্ব আহমদুল হক, মুহাম্মদ মুহিউদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে এস এম আলম বলেন, প্রচলিত সমাজ ব্যবস্থায় যাকাত সম্পর্কে সুষ্পষ্ট ধারণা না থাকার কারণে অবহেলিত সমাজে অর্থনৈতিক পরিবর্তন সম্ভব হচ্ছে না। তাই আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী প্রত্যেক ধনী মুসলমান নর-নারীকে যাকাত প্রদানের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে মানবতার মুক্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, অপসংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

