চলতি মাসে তিন হত্যাকান্ড
শুক্রবার, ১০ জুন ২০১৬
দেশে চলতি মাসে বিভিন্ন অংশে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি নেই। চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার পর পাঁচ দিনে শিবিরের সাবেক এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঝিনাইদহের হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার তিন দিন পর পুলিশের দাবি, হত্যার কারণ উদঘাটিত হয়েছে। তবে এই হত্যায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। আর নাটোরে খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যায় গ্রেপ্তার একজনকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ।
এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার তদন্ত নিয়ে গতকাল বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘তদন্ত সঠিকভাবে এগোচ্ছে। কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না, সব বিষয় সামনে রেখে পুলিশ কাজ করছে।’ তবে তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির কথা জানাননি পুলিশের এই কর্মকর্তা। ৫ জুন সকালে খুন হন মাহমুদা খানম।
মাহমুদা হত্যায় জড়িত সন্দেহে গত বুধবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী আবু নছর ওরফে গুন্নুকে (৪৫) গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর গতকাল বেলা তিনটার দিকে আবু নছরকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী রাকিব উদ্দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িত আসামি ও পরিকল্পনাকারী ব্যক্তিদের ধরতে আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ঘটনাস্থলের আশপাশে আবু নছরের থাকার তথ্য রয়েছে বলে পুলিশ দাবি করে।
ঘটনাস্থলের আশপাশে আবু নছরের অবস্থানের তথ্যপ্রমাণ হাজির করে আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। পরে আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে আসামি আবু নছরের মুক্তির দাবি জানিয়ে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয় দরবারে মুসাবীয়া এন্তেজামিয়া কমিটির (একাংশের) পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন আবু নছরের স্ত্রী পারভীন আক্তার, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, নিজেকে আড়াল করতে একটি দরবার শরিফের রক্ষণাবেক্ষণের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন আবু নছর। হয়রানি করতে তাঁকে আটক করা হয়নি। তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।
হত্যা ঘটনার ফুটেজে দেখা যাওয়া একটি কালো মাইক্রোবাসের চালক ও মালিক জানে আলমকে গত বুধবার রাতে আটক করে পুলিশ। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা দেবদাস ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনি ঘটনা দেখার কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি একটি শিল্প গ্রুপের কাছে ভাড়ায় চালান জানে আলম।
মাহমুদা হত্যার দিনেই দেশের আরেক অংশে নাটোরের বনপাড়ার খ্রিষ্টানপাড়ার মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে দুর্বৃত্তরা ঘাড়ের পেছনে কুপিয়ে হত্যা করে চলে যায়। এ ঘটনায় নিহত সুনীল গোমেজের মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করলে পুলিশ সুনীলের বাড়ির ভাড়াটে ট্রাকচালক আবদুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলীকে গ্রেপ্তার করে। প্রায় এক বছর থেকে পরিবার নিয়ে ওই বাড়িতে তিনি ভাড়া থাকতেন। গতকাল মামুনকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে মামুন যে হত্যার সঙ্গে জড়িত, পুলিশ এখন পর্যন্ত সে দাবি করেনি।
আদালত সূত্র জানায়, সুনীল গোমেজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির পরিদর্শক আবদুল হাই গত মঙ্গলবার আবদুল্লাহ মামুনের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে মামুনকে গতকাল বিকেলে একই আদালতে হাজির করে আবারও পাঁচ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। এ সময় তদন্ত কর্মকর্তার কাছে আবার রিমান্ড চাওয়ার কারণ জানতে চান আদালত। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামুন ঘটনার সময় ঢাকায় ছিলেন বলে পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু কয়েক দিনে তাঁর ও তাঁর স্ত্রীর মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করে দেখা যায়, তিনি ঘটনার দিন ঘটনাস্থলের আশপাশেই ছিলেন। এই পরস্পরবিরোধী বক্তব্য যাচাই করার জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। তবে আসামির আইনজীবী দীনেশ চন্দ্র রিমান্ড আবেদনের বিরোধিতা করে আদালতকে জানান, গত দুই দিনের জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তা কোনো তথ্যই উদ্ধার করতে পারেননি। তাই নতুন করে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই।
শুনানি শেষে আদালত মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ৭ জুন ঝিনাইদহে সত্তরোর্ধ্ব পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, তাঁরা হত্যার কারণ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। এখন হত্যাকারীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আশা করছেন, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারবেন।

