ব্রেকিং নিউজ

ডিবি পুলিশের দুই সদস্যকে আহতাবস্থায় ফেরত দিয়েছে বিএসএফ

বৃহস্পতিবার,  ২৬ মার্চ, ২০১৫

জেলা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪.কম

bsf

কুমিল্লা : কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই মো. সবুজ, কনস্টেবল সেলিমকে আহত অবস্থায় বুধবার রাত পৌনে ১২টার দিকে ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধরে নিয়ে যাওয়া অন্য দুজনের বিষয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা চলছিল।

এর আগে সন্ধ্যায় কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ডিবির এএসআই মো. আলমগীর, মো. সবুজ, কনস্টেবল সেলিম ও তাপসকে ধরে নিয়ে যায় বিএসএফ। তারা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে গিয়েছিলেন। ঘটনার পর পর বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়। রাতে বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলামের উপস্থিতিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ডিবি পুলিশের দুই সদস্যকে ফেরত দেওয়া হয়।

আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, ফেরত দেওয়া দুই পুলিশের মাথায় আঘাত রয়েছে। বিএসএফ জানিয়েছে অন্য দুজন কেন ভারত সীমানায় এলো এ নিয়ে তারা খোঁজ নিচ্ছেন। বিষয়টি নিয়ে বিজিবি তাদের সঙ্গে আলোচনা করছেন।