বুধবার,০৭ অক্টোবর,২০১৫
সিটিজিবার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি ও জামায়াতে ইসলামী জড়িত।
আজ (বুধবার) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিজের ফেসবুক পাতায় দেয়া এক স্ট্যাটাসে জয় এ দাবি করেন তিনি। তিনি বলেছেন, লন্ডন বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে তিনি এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
স্ট্যাটাসে তিনি ইংরেজি ও বাংলায় লেখেন, ‘ খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী হত্যাকান্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশী সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।’
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে বিদেশী হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে বলে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের কূটনীতিক পাড়ায় ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এর এক সপ্তাহ পার না হতেই ৩ অক্টোবর রংপুরে জাপানের নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ভারতীয় গোয়েন্দারাও মনে করছেন, বিদেশি হত্যাকাণ্ডে আইএস নয়,এর সঙ্গে জামায়াত জড়িত।
