মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
আল আরাফাত, সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক : এটিএম বুথ থেকে গ্রাহকদের টাকা উধাও হওয়ার পর এবার কার্ড জালিয়াতি করে কেনাকাটার অভিযোগ পাওয়া গেছে। প্রীত রেজা নামের এক গ্রাহক দাবি করেছেন, তার অজান্তেই একটি দোকানে তার কার্ডের নামে ২৫ হাজার টাকার কেনাকাটা হয়ে গেছে।
গতোকাল সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, শনিবার রাতে তার ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে ফেয়ার কানেকশন নামে একটি দোকান থেকে ২৪ হাজার ৯০০ টাকার কেনাকাটা করা হয়। যদিও সেখানে তিনি যাননি। কার্ডটিও সঙ্গে ছিল বলে তার দাবি। মোবাইলের এসএমএসের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন।
তিনি আরও জানান, টাকা বেহাতের বিষয়ে ব্র্যাক ব্যাংকের কাস্টমার কেয়ারে জানানোর পর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ‘কিছুই করার নেই’ বলে জানানো হয়। তিনি বলেন, ফেয়ার কানেকশনের ঠিকানা চেয়েও পাননি তিনি।
এ বিষয়ে সোমবার ব্র্যাক ব্যাংকের শাখায় গিয়ে লিখিত অভিযোগ দিয়ে এসেছেন প্রীত রেজা।
প্রীত রেজা বলেন, ‘আমি ব্র্যাক ব্যাংকের বনানী এটিএম বুথে আমার কার্ডটি ব্যবহার করে থাকি। এছাড়া স্বপ্ন, আড়ং অথবা আগোরায় আমার কার্ড ব্যবহার করে কেনাকাটা করি। এর বাইরে এ কার্ড আমি কোথাও ব্যবহার করি না।’

