মঙ্গলবার ০১ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
খেলার সংবাদ :এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে চায় মাশরাফিরা। এই ম্যাচ জিতলেই ২০১২ সালের এশিয়া কাপের পর আবারো ফাইনালে খেলবে টাইগাররা।
ইনজুরির কারণে মুস্তাফিজ দল থেকে বাদ পড়ায় তার বদলি খুঁজে পাওয়া কষ্টকর হবে। তবে কোচ হাথুরুসিংহে আর অধিনায়ক মাশরাফি মনে করেন দলের অন্য বোলারদের সামর্থ্য আছে পাকিস্তানি ব্যাটসম্যানদের ঘায়েল করার। আগের ম্যাচগুলোতে ব্যর্থ ছিলো বাংলাদেশের টপ অর্ডার। তবে তামিম দলে ফেরায় কিছুটা স্বস্তি মিলেছে টিম ম্যানেজম্যান্টের। একাদশে চার পেসার খেলানো হবে কিনা তার সিদ্ধান্ত আসবে উইকেটের কন্ডিশন বুঝে।
অধিনায়ক মাশরাফি বলেন, ‘যে ভুলগুলো করেছি সেগুলো ঠিক করে এবং ধারাবাহিকভাবে ভাল খেলতে পারলে সুযোগ অবশ্যই আছে। আমি শুরু থেকেই বলছি তামিম অনেক অভিজ্ঞ আর মুস্তাফিজের না থাকাটা অবশ্যই আমাদের জন্য কষ্টকর। তার অবদান দলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে পাকিস্তানের বোলিং উপদেষ্টা আজহার মাহমুদ বলেছেন তার দলের বড়শক্তি বোলিং এবং তা দিয়েই বাংলাদেশকে ঘায়েল করতে চায় পাকিস্তান।
আজহার মাহমুদ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতা অবশ্যই কঠিন হবে। তবে আমাদের বড় শক্তি বোলিং এবং সেটা দিয়েই আমরা তাদের হারানোর চেষ্টা করবো।’
