সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
খেলাডেস্ক : এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলেই বাংলাদেশ পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। অপরদিকে আজকের ম্যাচটি হারলে পাকিস্তানের ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে।
অবশ্য আজকের ম্যাচে বাংলাদেশ হারলেও তাদের ফাইনালের স্বপ্ন একেবারে শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের দিকে। ঐ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে তখন হিসাব করা হবে নেট রান রেটের। যে দলের রান রেট বেশী থাকবে সেই দলই যাবে ফাইনালে।
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেতে মরিয়া থাকবে পাকিস্তান। কিন্তু গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। দুইদলের গত ৮ বারের দেখায় অবশ্য অনেকখানিই এগিয়ে পাকিস্তান। ৮ ম্যাচে ৭ টি জয় পাকিস্তানের। অপরদিকে বাংলাদেশের জয় মাত্র একটিতে! টি-টোয়েন্টি র্যাংকিংয়েও বাংলাদেশের থেকে অনেক এগিয়ে পাকিস্তান।
কিন্তু এইভাবে আগের ম্যাচ বিবেচনা না করে যদি সাম্প্রতিক দলীয় পারফর্মেন্স এবং ম্যাচগুলো বিবেচনা করা হয় তবে টাইগারদেরই এগিয়ে রাখতে হবে। কেননা সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায় বেশ শক্তিশালী দল হিসেবেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গত বছর এপ্রিলে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা।
তাই বলা যায় বাংলাদেশ আত্মবিশ্বাসের দিক থেকে পাকিস্তানের থেকে কিছুটা এগিয়েই থাকবে আজকের ম্যাচে। কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে যে কোনও কিছুই সম্ভব। তাই তো আজকের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান দুই দলকেই রাখতে হচ্ছে এগিয়ে। এখন দেখার বিষয় আজকের ম্যাচে শেষ হাসিটি কে হাসে।

