চবি করেসপন্ডেট, সিটিজিবার্তা২৪ডটকম
৭ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার ১৫:১০ ঘন্টা

চ:বি বহিষ্কৃত সেই কিরচে সান দেওয়া ছাত্রলীগ কর্মী টাইগার মোফার জন্য ফের তালা, পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী লম্বা কিরিচে শান দিয়ে আলোচনায় আসা মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা কে পরীক্ষায় অংশ নিতে না দেয়ায় জন্যে চারুকলা ইনস্টিটিউটের হলে ফের তালা ঝুলিয়ে পরীক্ষা পণ্ড করে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একাংশের নেতা-কর্মীরা।
নগরীর বাদশা মিয়া সড়কের ইনস্টিটিউট ক্যাম্পাসে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। টাইগার মোফার কারণে গত সোমবার স্থগিত করা ২০১ নম্বরের ‘পাশ্চাত্য শিল্পকলার ইতিহাস’ বিষয়ের পরীক্ষাটি পুনরায় স্থগিত করতে হয়েছে কর্তৃপক্ষকে।
চারুকলা ইনস্টিটিউটের সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী সাংবাদিকদেরকে বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে বহিষ্কৃত ছাত্র মোফাজ্জল হায়দারের পক্ষে শতাধিক ছাত্র এসে দুটি ভবনের বেশ কিছু কক্ষে অন্তত আটটি তালা লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি।’
তিনি জানান, পহেলা বৈশাখকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে ইনস্টিটিউট প্রাঙ্গণে। এ সময় যাতে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে জন্যেই পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ২ নভেম্বর চবির মূল ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের তৃতীয় তলার বারান্দায় আরেকজনের সঙ্গে লম্বা কিরিচে শান দিতে দেখা গিয়েছিল চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফাকে। সেই ছবি এসেছিল গণমাধ্যমে। সে সময় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।
এরপর ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের সুপারিশে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তার নির্বাহী ক্ষমতা বলে টাইগার মোফাসহ দুইজনকে সাময়িকভাবে বহিষ্কার করেন। সেই বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার করা হয়নি।
সোমবার থেকে চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষাকে সামনে রেখে রোববার টাইগার মোফা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপুসহ অন্যদের নিয়ে উপাচার্যের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানান। কিন্তু বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সম্মানহানির সঙ্গে জড়িত থাকায় কর্তৃপক্ষ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেনি।
ফলে সোমবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একদল ছেলে নিয়ে এসে নগরীর চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষার হলে (২০৩ ও ৩০৬ নম্বর কক্ষ) তালা ঝুলিয়ে দেয় মোফাজ্জল হায়দার। এ ঘটনায় ওই দিনের পরীক্ষাটি স্থগিত করা হয়। পরীক্ষাটি এরপর বৃহস্পতিবার (০৭ এপ্রিল) গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু সকাল সাড়ে আটটার দিকে শতাধিক নেতা-কর্মী নিয়ে মোফাজ্জল হায়দার পুনরায় ইনস্টিটিউটের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। মোফাজ্জল হায়দার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে পরিচিত আলমগীর টিপুর পক্ষের হয়ে ক্যাম্পাসে রাজনীতি করে।
