শিরোনাম

দাপুটে ফুটবল খেলেও জয় বঞ্চিত অনুর্ধ্ব-২৩দল

রবিবার,১০ জানুয়ারি, ২০১৬

আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকমBangladesh vs Bharain

যশোরঃ বড়দের পথ অনুসরন করতে পারলনা যুবারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে দাপুটে  ফুটবল খেলেও জয় বঞ্চিত থাকতে হল বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলকে।

আজ বঙ্গবন্ধু গোল্ডকাপে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচে এগিয়ে থেকেও ডিফেন্সের ভুলে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়  স্বাগতিক যুবাদের। তবে, অপেক্ষাকৃত শক্তিশালী বাহরাইনকেও জিততে দেয়নি রেজাউল করিম রেজার নেতৃত্বে খেলা লাল সবুজের স্বাগতিক যুবারা।

ম্যাচের ১৮ মিনিটে রুবেলের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে সমর্থকদের  আনন্দে ভাসান ইউসুফ সিফাত।

কিন্তু সমর্থকদের  আনন্দ বেশিক্ষন টিকতে দেয়নি প্রতিপক্ষ শিবির।২২ মিনিটের মাথায়  ডি-বক্সে বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিমের ভুলে বলের নিয়ন্ত্রণ পেয়ে যান বাহরাইন অধিনায়ক জাসিম আল শেখ,যা থেকে লক্ষ্য ভেদ করে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি তিনি।

সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল,বিরতির পর আবারো আক্রমণ আর পাল্টা আক্রমণে শুরু হয় দুই দলের ম্যাচ।

ম্যাচের ৫৯ মিনিটের মাথায় দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ অলিম্পিক দল।  একাধিক প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে  আব্দুল আজিজের উদ্দ্যেশ্যে বল বাড়ান শাকিল। বাহরাইনের গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এই স্ট্রাইকার।

৮১ মিনিটে  কর্নার থেকে পাওয়া বল অধিনায়ক রেজাউল করিম হেড করলেও তা গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়।

৯০ মিনিটের মাথায় বাহরাইনের আতাহার আলি লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলে দশজনের দলে পরিণত হয় সফরকারী দেশটি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অলিম্পিক দল এবং বাহরাইন।

এর আগে গত শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে জয় নিয়ে তাদের মিশন শুরু করে।




Leave a Reply