রবিবার, ১০ জানুয়ারি ২০১৬, ১৮:০০
রিজওয়ানুল, সিটিজিবার্তা২৪ডটকম
ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেখতে দেখতে বর্তমান সরকারের দু’বছর পার হয়ে গেছে। দল ঠিক করুন, দেখতে দেখতে নির্বাচনের সময়ও চলে আসবে। শটকার্ট পথে ক্ষমতায় আরোহণের কোনও সুযোগ নেই। ক্ষমতায় আসতে গেলে দুটি পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মধ্যে একটি অভ্যুত্থান আর অন্যটি নির্বাচন। অভ্যুত্থান ঘটানোর মত শক্তি বিএনপির নেই।
রোববার রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা বিভাগ আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’- এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, জোট ভাঙে বিএনপির, আর দেউলিয়া হয় আওয়ামী লীগ! এটি কেমন কথা? বিএনপির সমস্যা এখন সংকটে পরিণত হয়েছে। তাদের সংকটে আওয়ামী লীগ দেউলিয়া হবে কেন? আওয়ামী লীগ নয়, দেউলিয়া হয়েছে বিএনপি।
সুরঞ্জিত বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বাদ দিয়ে বিএনপি সহিংসভাবে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল। তাদের প্রধান হাতিয়ার ছিল জামায়াত। নির্বাচন ও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা- দু’টিতেই বিফল হয়েছে তারা। জাতীয় নির্বাচনে না গিয়েও ভুল করেছে তারা।
সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বছরে ছয় হাজারের ওপর লোক দুর্ঘটনায় মারা যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। আইনের ব্যবহার ও প্রয়োগ হচ্ছে না। অজুহাত না দিয়ে আইনের প্রয়োগ করতে হবে।
মাকসুদুর রহমান খান মাসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক আখতারুজ্জামান, অরুণ সরকার রানা প্রমুখ।


