বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক ঃ ক্রিকেট যুব দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ল। তিনি জানিয়েছেন নিজ কন্ডিশনে যুব বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যের কথা। তবে পরিকল্পনা ও দলের প্রস্তুতিতে খুব বেশী পরিবর্তনের পক্ষপাতী নন জাতীয় দলের সাবেক এই কোচ। ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে শিষ্যদের সঙ্গে কাজ শুরু করবেন এই অস্ট্রেলিয়ান।
মিরপুরের হোম অফ ক্রিকেট বেশ চেনা স্টুয়ার্ট লর। মাঝে পেরিয়েছে তিন বছর। বদলেছে শিষ্যও। সাকিব-তামিমরা নয় এবার মিরাজ-পিনাকদের দায়িত্বে স্টুয়ার্ট ল। যুব বিশ্বকাপে থাকবেন দলের উপদেষ্টা হিসেবে।
ঢাকায় এসে পরদিন সেরেছেন চুক্তির আনুষ্ঠানিকতা। ১৬ সপ্তাহ মেয়াদের এই দফায় বাংলাদেশে থাকবেন চার সপ্তাহ। পরের বার চার। বাকী ৮ সপ্তাহের দায়িত্ব শেষ হবে যুব বিশ্বকাপে। জাতীয় দল আর তরুনদের নিয়ে কাজ করার পার্থক্যটা ভালোই জানা সাবেক অজি ক্রিকেটারের।
স্টুয়ার্ট ল বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, এখন থেকে আমার দল। আমি হারতে অপছন্দ করি। নিজদের কন্ডিশনে আত্মবিশ্বাস ও উদ্যম নিয়ে নামলে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।
কদিন আগেই ছিলেন অস্ট্রেলিয়া এ দলের দায়িত্বে। ভারতে রানার্স আপ করেছেন দলকে। কাজ করেছেন অজি যুবাদের নিয়েও। কঠোর পরিশ্রমের পাশাপাশি অনুশীলনে উপভোগের রসদও থাকা চাই। এটাই দর্শন লর কোচিংয়ের।
স্টুয়ার্ট ল’য়ের ভাষায়, আমার হাতে এমন কোন জাদুর কাঠি নেই যা রাতারাতি শিরোপা এনে দেবে। যে ক্রিকেট খেলে ওরা সাফল্য পাচ্ছে, আমি সেই ধারা বদলানোর পক্ষে নই।
২০১২ এশিয়া কাপে ফাইনালে তুলেছিলেন বাংলাদেশ জাতীয় দলকে। এবারের বিশ্বকাপের আগে সেটাই ছিলো কোন টুর্নামেন্টে সেরা সাফল্য। এদেশ ছেড়ে গেলেও ফেসবুকে মুশফিক মাশরাফিদের খোজ রেখেছেন।
খুলনায় যুব দলের ক্যাম্প ৩০ আগস্ট শুরু হয়ে শেষ হবে ১০ সেপ্টেম্বর । ১২ দিনের ক্যাম্পে যোগ দেবেন ল। যেখানে মুল কোচের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান।
Ctgbarta24.com 24 hours Online News Paper