বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম ঃ ভারত পেঁয়াজের রপ্তানি মূল বাড়ানোয় কমেছে আমদানি। এতে অস্থির হয়ে উঠেছে বাজার। গেলো কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন স্থলবন্দর থেকে দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ নেমেছে, তিনভাগের একভাগে। ফলে দফায় দফায় বেড়েছে দাম।
এ সপ্তাহে যা বিক্রি হচ্ছে, সর্বোচ্চ ৮০ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। সামনে কোরবানির ঈদ, তাই পেঁয়াজের এই উর্ধ্বমুখি দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন, ক্রেতারা। এ অবস্থায়, ভারতের পাশাপাশি অন্য দেশ থেকে আমদানি বাড়ানোর তাগিদ দিয়েছেন, ব্যবসায়ীরা।
চট্টগ্রামে পেঁয়াজের বড় পাইকারী বাজার খাতুনগঞ্জ। বিভিন্ন স্থলবন্দর থেকে প্রতিদিন গড়ে ৬শ টনের বেশি পেঁয়াজ আসে এখানে। যা সরবরাহ করা হয় নগরীসহ জেলার বিভিন্ন এলাকায়।
তবে গেলো কয়েক সপ্তাহ ধরে খাতুনগঞ্জে কমেছে পেঁয়াজের সরবরাহ। এখন গড়ে দেড় থেকে দুইশ টন পেয়াজ আসে বাজারে। ফলে দফায় দফায় বেড়েছে এই পণ্যটির দাম। বিশেষ করে ভারতীয় পেঁয়াজের আমদানী কম হওয়ায় অস্থিতিশীল হয়ে পড়েছে বাজার।
পাইকারী বাজারে মানভেদে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে পাকিস্তানী পেঁয়াজ। মানভেদে যা পড়ছে ৫৫ থেকে ৬০ টাকা।
প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বেশি দামের কারণে সেখানে কমেছে বিক্রি; সেইসাথে বাড়তি দামে হিমসিম খাচ্ছে মানুষ।
সামনে কোরবানীর ঈদ। এসময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুন বেশি চাহিদা থাকে এ পন্যটির। তাই পেঁয়াজের লাগাম ধরতে ভারতের পাশাপাশি অন্য দেশ থেকে আমদানির তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা ।
Ctgbarta24.com 24 hours Online News Paper