বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রে একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকার নেয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে দু’সাংবাদিককে। ভার্জিনিয়ায় টেলিভিশন চ্যানেল সিবিএস-এর জন্য সাংবাদিক অ্যালিসন পারকার (২৪) সাক্ষাৎকার নিচ্ছিলেন স্থানীয় চেম্বার অব কমার্সের প্রধান ভিকি গার্ডনারের। তখন ক্যামেরায় ছিলেন তার স্বামী এডাম ওয়ার্ড (২৭)। সরাসরি সম্প্রচারিত টেলিভিশন অনুষ্ঠানে শোনা যায় বেশ কিছু গুলির শব্দ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এডাম ওয়ার্ড। এরপর গুলি করা হয় অ্যালিসনকে। এ সময় সিবিএস টেলিভিশন স্টেশনে উপস্থাপিকা কিমবারলি ম্যাব্রুম।
তিনি এ ঘটনায় কিং-কর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়ে দর্শকদের ফিরিয়ে নিয়ে যান স্টুডিওতে। ততক্ষণে নিথর পড়ে রয়েছেন সাংবাদিক দম্পতি অ্যালিসন-ওয়ার্ড। গতকাল এ ঘটনা ঘটে ভার্জিনিয়ার মোনেটায়। অনলাইন সিএনএন লিখেছে, গতকাল স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো ভার্জিনিয়া। সাংবাদিক সহ সবার মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গুলির সময় অ্যালিসন ও ভিকি গার্ডনার আর্ত চিৎকার করছিলেন। গুলির পর ক্যামেরা মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা স্বল্প সময়ের জন্য একজন ব্যক্তিকে দেখা যায়, যে অস্ত্র হাতে পড়ে যাওয়া ক্যামেরাম্যান ওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই অ্যালিসনকে হত্যা করা হয়। মোনেটার কাছে ব্রিজওয়াটার প্লাজায় পড়ে থাকে তাদের দু’জনের লাশ।
চেম্বারের স্পেশাল প্রজেক্ট ম্যানেজার বার্ব নোসেরা বলেছেন, স্মিথ মাউন্টেইন লেক রিজিওনাল চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক ভিকি গার্ডনার। তার পিঠে গুলি লেগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অপারেশন চলছিল। হামলাকারী কমপক্ষে ৬ থেকে ৭ বার গুলি করেছে। তবে তাকে গ্রেপ্তার বা সে কে তা চিহ্নিত করা যায় নি। ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ-এর কর্মীরা হন্যে হয়ে খুঁজছে তাকে। ওই এলাকার সব স্কুল তালাবদ্ধ করে রাখা হয়েছে। সাংবাদিক দম্পতি ডব্লিউডিবিজে নামের একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। ওই প্রতিষ্ঠানটি সিবিএসের সঙ্গে সম্পৃক্ত। ডব্লিউডিবিজের স্টেশন ম্যানেজার জেফ্রে মার্কস বলেছেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না।
এ ঘটনায় দায়ী কে অথবা ঘাতক কে বা কারা তাও আমরা জানি না। তবে আমাদের এ দু’ সাংবাদিক তাদের সততার সঙ্গে কাজ করছিলেন। কি কারণে তাদের বিরুদ্ধে এমন হামলা হয়েছে তা আমাদের অজানা। তাদের মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। মার্ক এ ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে অন্যরা কান্নায় ভেঙে পড়েন। অ্যালিসন পারকারকে ‘রক স্টার’ হিসেবে অভিহিত করেছেন ম্যাকব্রুম। তাকে যেকোন কাজ দেয়া হলে তিনি তা স্বাচ্ছন্দ্যে করতেন। ঘাতক আসলেই তাদের উদ্দেশ্য করে হামলা চালিয়েছে কিনা তাও নিশ্চিত নয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper