বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে র্যাবের বিরুদ্ধে দায়ের করা কলেজছাত্র লিমন হত্যাচেষ্টা মামলার রিভিউ আবেদনের শুনানি তারিখ আবারো পেছালো।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শফিকুল করিম মামলাটির অধিকতর শুনানির জন্য ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির রিভিউ আবেদন শুনানির ধার্য তারিখ ২১ বার পেছাল।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজ ছাত্র লিমন মাঠে গরু আনতে গেলে র্যাবের গুলিতে পঙ্গু হয়। এ ঘটনায় একই বছরের ১০ এপ্রিল লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে বরিশাল র্যাব-৮ এর ৬ সদস্যকে আসামি করে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
একই বছর র্যাব সদস্যদের নির্দোষ উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আর এ প্রতিবেদনের বিরুদ্ধ নারাজি দিয়ে অধিকতর শুনানির জন্য লিমনের মা হেনোয়ারা বেগম জেলা ও দায়রা জজ আদালতে রিভিউ আবেদন করেন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন