নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬
চট্টগ্রামের আমবাগান এলাকার বস্তি থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তির একটি কক্ষ থেকে কামরুল ইসলাম (৩৫) ও নুরুল আবছার লাকী (৩২) নামে দুজনের লাশ উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ঘরে দুজনকে পড়ে থাকতে বস্তির লোকজন পুলিশকে খবর দিলে গিয়ে লাশ দুটি পাওয়া যায়।’
কী কারণে তারা মারা গেছেন, সুনির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ।
ওসি আরো বলেন, “শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে তাদের মুখে ফেনা দেখা গেছে।”
খুলশী থানার এসআই শাহাদাত হোসেন সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইভাই আলাদা থাকলেও তারা পেশায় দিনমজুর ছিলেন।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত দুইভাই কুমিল্লার লাকসাম উপজেলার লেদু মিয়ার ছেলে। তাদের বাবা রেলওয়েতে চাকরির সুবাদে ওই এলাকায় থাকতেন এবং সে সূত্রে রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তিতে অবৈধভাবে আটটি ঘর তুলে ভাড়া দিয়েছিলেন।
অত্র এলাকার বাসিন্দা সাজু সেলিম সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ভাইয়ের মধ্যে কামরুল বিয়ে করে স্ত্রী নিয়ে নগরীর ইপিজেড এলাকায় থাকলেও ছোটভাই লাকী ওই এলাকায় থাকতেন। ঘরের ভাড়া তোলার জন্য কামরুল প্রতিমাসে ওই এলাকায় আসতেন।



You must log in to post a comment.