নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
রবিবার, ১২ জুন ২০১৬
চট্টগ্রাম: সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের মামলায় তদন্তে সহায়তার জন্য পাঁচটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রবিবার (১২ জুন) দুপুরে সিএমপিতে এক সভায় পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের উপস্থিতিতে কমিটিগুলোর ঘোষণা দেওয়া হয়।
সিএমপির উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, ‘পাঁচটি কমিটির কাজ হচ্ছে অভিযান, আসামিকে জেরা, কেস ডকেট পর্যালোচনা, ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ।’
অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) নাজমুল আলমকে।
আসামীদের জেরার জন্য গঠিত কমিটির প্রধান হয়েছেন সিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) হুমায়ন কবির। কেস ডকেট পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ।
ভিডিও ফুটেজ সংগ্রহ কমিটির প্রধান হয়েছেন সিএমপির গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (আইসিটি) জাহাঙ্গীর আলম। গোয়েন্দা তথ্য সংগ্রহে নেতৃত্ব দেবেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবন মিনান। প্রতিটি কমিটিতে পাঁচ থেকে নয়জনকে সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৫ জুন) সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

