মিতু হত্যাকান্ডের মূল হোতাসহ আটক ৩

মিতু হত্যাকান্ডে খুনীদের ব্যাপারে এখনো অনিশ্চিত পুলিশ

জড়িত সন্দেহে আটক ৩ জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে রিমান্ডের আবেদন!

মাহাবুবুল করিম। ১২ জুন ২০১৬

মিতু হত্যাকান্ডে আটক রবিনই অনুসরণকারী 'মূল হোতা'?

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের ঘটনায় অনুসরণকারী সন্দেহে মো. শাহজামান ওরফে রবিন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে নেওয়া

সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক: সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু কে প্রকাশ্য দিবালোকে নগরীর জিইসি এলাকায় হত্যাকাণ্ডের সময় কিলিং মিশনে তিনজনের একজন সন্দেহে মোহাম্মদ শাহজামান ওরফে রবিনকে (২৮) কে গতকাল শনিবার সকালে নগরীর বায়েজিদ থানার শীতল ঝর্ণা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ হত্যাকান্ডে এ পর্যন্ত জড়িত সন্দেহে আটক তিনজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আদালতে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

এর আগে শুক্রবার বিকেলে জঙ্গি সন্দেহে আটক টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গোহালিয়া ইউনিয়নের মৃত আবুল বশর খানের ছেলে রিকশাওয়ালা ইব্রাহীমকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করবে এবং বুধবার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার আবু নছর গুন্নুর রিমান্ড শুনানিও হবে আজ। তবে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত তিনজনেই এ হত্যাকান্ডের সাথে জড়িত কিনা এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানায় সিএমপি কমিশনার ইকবাল বাহার।

এদিকে মিতু হত্যাকান্ডের পর পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজের দৃশ্য দেখা যায়, তাকে হত্যার আগে রাস্তায় এক যুবক তাকে পিছু পিছু অনুসরণ করছে। পুলিশ সন্দেহ করছে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়া অনুসরণকারী সেই যুবকই আটককৃত শাহজামান ওরফে রবিন বলে তাদের ধারণা। তবে সেটি পুরোপুরিই নিশ্চিত হতে আজ রবিবার পর্যন্ত অপেক্ষায় থাকার কথা বলছে পুলিশ।

গতকাল শনিবার (১১ জুন) সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা এলাকা থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এর আগে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শেকড়ের সংবাদের তথ্যমতেঃ

এদিকে সিটিজিবার্তা২৪ডটকম এর সংবাদ-শেকড়ের অনুসন্ধানে জানা গেছে, ‘রবিনকে গত শুক্রবার (১০জুন) রাতেই গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এছাড়া ভিডিও ফুটেজে তার হাটার সঙ্গে বর্তমান হাটারও কোনও মিল নেই। এই রবিন যে সেই যুবক সেটিও স্পষ্ট করে বলতে পারছে না গ্রেপ্তারে অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তারা।’

এমনকি তাকে রাতে নগর গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য জিজ্ঞাসাবাদ করলেও তারা নিশ্চিত হতে পারছেন না, এই যুবকই সেই যুবক।

‘সিএমপির এক পরিদর্শক সিটিজিবার্তা২৪ডটকম এ প্রকাশিত মিতু হত্যাকান্ডের ‘মূল হোতা’ রবিনের অাটকের সংবাদ দেখে দ্বিমত পোষণ করেছেন। তিনি জোর দিয়েই বলেছেন, এই যুবকই সেই যুবক নয়।’

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ঃ

এদিকে ভিডিও ফুটেজে দেখা যায়, ‘ঘড়ির কাঁটায় তখন ৬টা ৩২ মিনিট। এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু তার সন্তান মাহিরের হাত ধরে গলির মুখে এসে পৌঁছান। ঠিক এর ১৫ সেকেন্ড পর বিপরীত প্রান্তে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে আগে থেকেই অপেক্ষায় থাকা এক যুবক মোবাইলে কথা বলতে বলতে তাকে অনুসরণ করে পেছন পেছন হাঁটতে থাকেন।

৬টা ৩২ মিনিট ১৪ সেকেন্ডে তিনি ওয়েল ফুডের সামনে পৌঁছানোর সাথে ১ সেকেন্ডের ব্যবধানে পেছন থেকে দৌঁড়ে মিতুর দিকে এগিয়ে যায় ঘাতক। ঠিক একই সময়ে মোটরসাইকেল নিয়ে আগে থেকেই নিরিবিলি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা দুই যুবক মিতুর উপর হামলা করে। হামলা শুরু এবং শেষ করে মোটরসাইকেলে উঠতে ঘাতকরা সময় নিয়েছে মাত্র ১৭ সেকেন্ড! এর মধ্যে মাহমুদা খানম মিতুর শরীরে করা হয়েছে ৮টি ধারালো অস্ত্রের আঘাত ও দুটি গুলি।

সকাল ৬টা ৩৩ মিনিট ০৫ সেকেন্ডে খুনিরা কিলিং মিশন শেষ করে মোটরসাইকেলে চেপে বসে। তবে মোটরসাইকেলটি চালু হতে সময় নেয় ১৯ সেকেন্ড। ৬টা ৩৩ মিনিট ২৪ সেকেন্ডে তিন খুনি মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে গতকাল শনিবার (১১ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার সাংবাদিকদেরকে বলেন, ‘এখনো নিশ্চিত হওয়া যায়নি আটক যুবক ভিডিও ফুটেজের ওই যুবক কি না। কারণ ভিডিও ফুটেজটি অস্পষ্ট। আটক রবিনের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। নগরীর যে এলাকায় তিনি থাকেন, সে এলাকার লোকজনও তাঁর সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

তাকে মিতু হত্যাকান্ডের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আজ রবিবার আদালতে তাঁর রিমান্ডের আবেদন করা হবে এবং এ হত্যায় অংশ নেওয়া তিনজনের একজন ওই যুবক ‘মূল হোতা’ হতে পারেন বলে সাংবাদিকদেরকে জানান, ইকবাল বাহার।

তিনি আরো বলেন, আমরা ধারণা করছি ওই যুবক জঙ্গিদের মতাদর্শে বিশ্বাসী কিংবা ভাড়াটে। তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

হত্যার সাথে জঙ্গি সম্পৃক্ততা ঃ

গত রবিবার (৫ জুন) সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

একিউআইএসের মিতু হত্যার নিন্দা বিবৃতিঃ

এদিকে মাহমুদা খানমকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা। জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে গতকাল এমন তথ্য দিয়েছে।

একিউআইএসের কথিত বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম এক বিবৃতিতে এ নিন্দা জানায় বলে সাইটের খবরে উল্লেখ করা হয়।

উক্ত খবরে বলা হয়, ইসলামে এটি গর্হিত কাজ। সম্প্রতি গুপ্ত হত্যার বেশির ভাগ ঘটনায় দায় স্বীকার করেছে আইএস ও আল-কায়েদার কথিত বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম। এই প্রথম কোনো ঘটনার নিন্দা জানাল সংগঠনটি।

ভিডিও ফুটেজের আটক মাইক্রোবাস ঃ

ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলের তিন আরোহীর পেছনে কালো রঙের একটি মাইক্রোবাস চলে যেতে দেখা যায়। পরে পুলিশ গাড়িটি চালকসহ আটক করে।

এ ব্যাপারে, সিএমপি কমিশনার জানান, মাইক্রোবাসের চালক জানে আলমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আবুল খায়ের গ্রুপের কর্মীদের মাইক্রোবাসে করে অফিসে নিয়মিত আনা-নেওয়া করে জানে আলম।

চলমান জঙ্গিবিরোধী অভিযান ঃ

দেশ ব্যাপী জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান প্রসঙ্গে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, প্রকৃত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আমি কোয়ালিটি অ্যারেস্টের পক্ষে।

জঙ্গি সন্দেহে আটক রিকশাওয়ালার রিমান্ড চাইবে পুলিশঃ

জঙ্গি সন্দেহে গ্রেফতার রিকশাওয়ালা ইব্রাহীম ছবি- সিটিজিবার্তা২৪ডটকম

জঙ্গি সন্দেহে গ্রেফতার রিকশাওয়ালা ইব্রাহীম ছবি- সিটিজিবার্তা২৪ডটকম

গত শুক্রবার (১০ জুন) বিকেল ৩টায় জামালখান প্রেসক্লাবের সামনে মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন চলকালে সন্দেহজনক গতিবিধির কারণে ইব্রাহীম খান (২২) নামের এক রিকশাচালককে আটক করা হয়। পরে পুলিশ তাঁর কাছ থেকে দুটি ছোরা, একটি মুঠোফোন ও একটি কার্ড রিডার উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুদ্দোজা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।

গতকাল সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, আটক রিকশাওয়ালা থাকেন পতেঙ্গায়। জামাল খানে প্রেসক্লাব এলাকায় কেন তিনি ছুরি নিয়ে এলেন, তাঁর সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন গতকাল তাঁর কার্যালয়ে সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, আটক রিকশাওয়ালা একেক সময় একেক তথ্য দিচ্ছেন। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গোহালিয়া ইউনিয়নের মৃত আবুল বশর খানের ছেলে রিকশাওয়ালা ইব্রাহীম। তিনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন। তার কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনে অশ্লীল কিছু ভিডিও এবং কয়েকটি ইসলামি গান পাওয়া গেছে।

গোহালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুলতান মাহমুদ গতকাল বিকেলে মুঠোফোনে সংবাদমাধ্যমকে বলেন, ইব্রাহীম দরিদ্র পরিবারের সন্তান। পাঁচ বছর ধরে সে চট্টগ্রামে রয়েছেন। তাঁরা দুই ভাই দুই বোন। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগও তেমন একটা হয়না।

আবু নছর গুন্নুর রিমান্ড শুনানি আজঃ

মিতু হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার আবু নছর গুন্নু ছবি- সিটিজিবার্তা২৪ডটকম

মিতু হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার আবু নছর গুন্নু ছবি- সিটিজিবার্তা২৪ডটকম

গত বুধবার (৮ জুন) হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকা থেকে মাহমুদা খানম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা আসামি আবু নছর ওরফে গুন্নুর রিমান্ড শুনানি আজ রবিবার হতে পারে। তাঁর পরিবার দাবি করে আসছে, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে পুলিশকে ৩০ লাখ টাকা দিয়ে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে বলে তাঁরা দাবি করেন।

এ বিষয়ে নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, ‘আমি দৃঢ়কণ্ঠে বলছি, টাকা নিয়ে পুলিশ কাউকে আটক করেনি। মাজার নিয়ে বিরোধের জেরেও তাঁকে আটক করা হয়নি।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিরসরাইয়ে পিস স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন... সোমবার, ২২ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় স্থাপিত পিস ইউনিভার্সেল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম বন্ধ করে দি...
মিরপুরে কার্পেটের দোকানে আগুন সিটিজি বার্তা২৪ ডটকম সোমবার, ২২ আগস্ট ২০১৬ ঢাকা: রাজধানীর মিরপুরের সেনপাড়ায় একটি কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে আগুনের...
কালুরঘাট এলাকায় নতুন সেতু নির্মাণ দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত... রবিবার, ২১ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্রগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় নতুন রেল কাম সেতু নির্মাণ দাবীতে ৫ কিলোমিটার এলাকা জ...
টাঙ্গাইলে পুলিশের সাথে ‘বন্ধুক যুদ্ধে’ দুজন নিহত... জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬ টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজলার টেলকি-গায়রা এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদ...
দ্রুত বিচারের চেয়ে সঠিক বিচার কাম্য নিউজ ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬   ঢাকা: ২১ আগষ্ট গ্রেনেড হামলা ২০০৪ থেকে ২০১৬- একযুগ পেরিয়েও বিচারের আলো দেখেনি শুরুত...