রোববার, ৮ মার্চ, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম
ঢাকা ঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের চাইতেও বড় স্বৈরাচার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এ রাষ্ট্রপতি বলেন- ‘প্রধানমন্ত্রী আমার চাইতেও বড় স্বৈরাচার। তিনি বলেন- আমি গুলি করে মানুষ মারিনি, মানুষ হত্যা করিনি। এখন প্রতিদিনই নূর হোসেন, বিশ্বজিৎরা মরছে। কিন্তু আমাদের চোখে পানি আসে না।’
এরশাদ বলেন, ‘গণতন্ত্র এখন কবরে, নির্বাসনে। আজ থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিলাম। আজ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু হলো।’
তিনি বলেন, ‘মানুষ মেরে ক্ষমতায় যাওয়া না, আবার ক্ষমতায় থাকাও যায় না। এই দুই দলের প্রতি মানুষের আস্থার লেশমাত্র নেই। সুযোগ এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিদিন হরতাল, অবরোধ। ঢাকায় যানজটে আপনারা খুশি। কিন্তু বাইরের অবস্থা কি? ঢাকা সারাদেশ থেকে এখন বিচ্ছিন্ন।’
এরশাদ বলেন, ‘ঢাকার বাইরের কৃষক না খেয়ে আছে। রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ জানাচ্ছে। আমরা পুরো দেশকে রাজনীতির যানজট মুক্ত করতে চাই। এবার সেই সুযোগ এসেছে।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন- দলটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব রেজাইল ইসলাম ভূঁইয়া ও নুরুল ইসলাম নুরু প্রমুখ।
Ctgbarta24.com 24 hours Online News Paper
