রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : নির্বাচন কমিশন সরকারী দলের প্রার্থীদের বিজয়ী করতে একেবারেই মরিয়া বলে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের আজ্ঞাবাহী কমিশন দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরী ধ্বংস করে দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী আহমেদ বলেন, মনোনয়ন পত্র জমা দিতে বাধা দান, হুমকি-ধমকি এবং তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থীতা বাতিল করছেন। এতে প্রায় ১১৪ জনের মতো বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিতে না পারাসহ তাদের প্রার্থীতা হারিয়েছেন। কারন কমিশন সরকারী দলের প্রার্থীদের বিজয়ী করতে একেবারেই মরিয়া। সরকারের আজ্ঞাবাহী কমিশন দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরী ধ্বংস করে দেয়া হয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কমিয়ে দেয়ার পরিকল্পনা করছেন নির্বাচন কমিশন। এমনকি নির্দেশনাও শিথিল করা হচ্ছে। কী উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো ও নির্দেশনা শিথিল হচ্ছে তা সবার কাছে অত্যন্ত সুস্পষ্ট। এবারের নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোন জোরালো নির্দেশনা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এইসব পরিকল্পনা ও নির্দেশনার উদ্দেশ্যই হচ্ছে ইউপি নির্বাচনে শাসকদলের চেয়ারম্যান প্রার্থীদেরকে জিতিয়ে দেয়ার মহাপরিকল্পনা।
বিএনপির এই নেতা বলেন, ভোটারবিহীন সরকার গণতন্ত্রের যে ভগ্নদশা করেছেন তাতে নিবেদিতপ্রাণ হয়ে বিগত কয়েক বছর ধরে সহযোগিতা করেছে এই নির্বাচন কমিশন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগকারী বাহিনীর সংখ্যা এবং নির্দেশনা শিথিল করা সেই সহায়তারই উলঙ্গ প্রকাশ।
রিজভী অভিযোগ করে বলেন, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে যেয়ে এই কমিশন সংঘর্ষের পক্ষপাতিত্ব করছে, শাসকদলের অনুকুলে ভোটকেন্দ্রের সংঘাতকে উস্কে দেয়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী মনোনীত প্রার্থীদের জিতিয়ে দেয়া, ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভরে ফেলা, সরকারী তামাশাকে যথার্থ নির্বাচন বলে বৈধতার সীল দেয়াই হচ্ছে এখন নির্বাচন কমিশনের মূখ্য দায়িত্ব।
কমিশন শুধুমাত্র নিজেদের চাকুরির প্রতিদানে নজরানা হিসেবে সরকারকে আগের নির্বাচনগুলির ন্যায় ইউপি নির্বাচনেও ইউপি চেয়ারম্যান পদ পাইয়ে দেয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ভোটারবিহীন সরকারের আক্রমণে গণতন্ত্রের মৃতদেহে পচনের গন্ধ যেন না ওঠে সেজন্য কমিশন গণতন্ত্রের নামে কিম্ভুৎকিমাকার নির্বাচনের দায়িত্ব পালন করে সেই মৃতদেহে আগরবাতির ধোঁয়া আর গোলাপ জল ছিটাচ্ছেন বলে মন্তব্য করেন রিজভী।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

