বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী বলেন, এমন বহু মানুষ আছেন, যারা বিচার পান না। অনেকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেনই না যে, কিভাবে এ দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আইনগত সহায়তা পেতে হয়। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। বিনা বিচারে এভাবে যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন, তাদের তালিকা করে আইনি সহায়তা দিতে হবে, তারা যেন বিচার পান।
কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে সরকার।
সমাজের অসহায়-দরিদ্র মানুষের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে লিগ্যাল এইড কল সেন্টার জাতীয় হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ হেল্পলাইনে (১৬৪৩০) ফোন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন দেশের স্বল্প আয়ের ও অসহায় বিচারপ্রার্থী নাগরিকরা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাধীন জাতি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীন দেশে তিনি একটি সংবিধান দিয়ে গেছেন। যেখানে মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর সেই সংবিধানের পদাঙ্ক অনুসরণ করছি।
