শিরোনাম

নৌবাহিনীতে যুক্ত হলো ২ যুদ্ধজাহাজ

রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

নৌবাহিনীতে যুক্ত হলো ২ যুদ্ধজাহাজ

চীনে তৈরি দুটি যুদ্ধজাহাজ রোববার সকালে চট্টগ্রামের নেভাল জেটিতে এসে পৌঁছায়। আইএসপিআর

চট্টগ্রাম ঃ বাংলাদেশ নৌবাহিনীতে ‘বানৌজা স্বাধীনতা’ ও ‘বানৌজা প্রত্যয়’ নামে দুটি করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট জাহাজ যুক্ত হয়েছে।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তার জন্য বিশেষভাবে জাহাজ দুটি প্রস্তুত করা হয়েছে। নতুন যুদ্ধজাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক অপারেশনাল সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে বলেও জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা।

চীনে তৈরি এ দুটি যুদ্ধজাহাজ আজ রোববার সকালে চট্টগ্রামের নেভাল জেটিতে এসে পৌঁছায়।

নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় জাহাজ দুটিকে স্বাগত জানান।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে ‘বানৌজা স্বাধীনতা’ ও এর কিছুক্ষণ পর ‘বানৌজা প্রত্যয়’ নেভাল জেটিতে ভিড়ে। প্রায় ৯০ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ৪ মিটার প্রস্থের জাহাজ দুটিতে আধুনিক ক্ষমতাসম্পন্ন বিধ্বংসী কামান ও মিসাইল রয়েছে। পাশাপাশি সমুদ্রের তলদেশে যেকোন সাবমেরিনে টার্গেট আনতে সক্ষম জাহাজ দুটি। এই জাহাজ দুটি সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।

জাহাজ দুটির প্রকল্প কর্মকর্তা কমোডর একেএম ফারুক হাসান বলেন, ‘করভেট ক্লাসের জাহাজ দুটি যুদ্ধকালীন ছাড়াও সাধারণ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের রাষ্ট্রায়ত্ত জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চায়না শিপ বিল্ডিং কোম্পানির সাথে এ ব্যাপারে ২০১২ সালে চুক্তি হয়। এর অংশ হিসেবে ২০১৩ সালের ৭ জানুয়ারি জাহাজ দুটির নির্মাণকাজ শুরু করে ৩৫ মাস পর তা বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হলো।’

গত ২৬ ডিসেম্বর জাহাজ দুটি চীনের কুইডং বন্দর থেকে চট্টগ্রামের পথে যাত্রা শুরু করে বলে জানান কমোডর ফারুক।




Leave a Reply