সোমবার, ১১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : জেএমবির নুরুন নবী ওরফে রাজু (৩০) নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
১০ জানুয়ারি গভীর রাত তিনটার দিকে তাকে নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর এলাকার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু নোয়াখালীর কোম্পানি গঞ্জের চর এলাহী এলাকার বাসিন্দা।
নগর গোয়েন্দা পুলিশের এস আই সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জেএমবি সদস্য রাজুকে সদরঘাটের অস্ত্র, ছিনতাই ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে স্বীকারোক্তি প্রদানের জন্য সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, সদরঘাটের ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার ২০১৫ সালের ৫ অক্টোবর নগরীর কর্ণফুলী থানার খোঁয়াজনগর এলাকায় জেএমবির আস্তানায় অভিযান চালান। সেখান থেকে আটটি হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবি’র সামরিক প্রধান জাবেদসহ পাঁচজনকে আটক করা হয়। উদ্ধার করেছেন শক্তিশালী নয়টি হ্যান্ড গ্রেনেড, প্রায় ২শ’ রাউন্ড একে ২২ এর গুলি, একটি বিদেশি পিস্তল, ১০টি ছোরা, বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র তৈরির মেশিন ও জিহাদী বই।
তারই সূত্র ধরে গত ২৬ ডিসেম্বর রাতে হাটহাজারী থানার আমানবাজারের হাজি ইসহাক ম্যানশনে অভিযান চালিয়ে জেএমবির সামরিক কমাণ্ডার ফারদিনের আস্তানার সন্ধান লাভ করেন। সেখান থেকে ফারদিননকে আটক করতে না পারলেও উদ্ধার করা হয় এমকে ১১ স্নাইপার রাইফেল, বোমা তৈরির সরঞ্জাম, সেনাবাহিনীর পোশাসক, রাংক ব্যাজ, নেম প্লেটসহ বিভিন্ন স্পর্শকাতর নথিপত্র। এরআগে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয় ফারদিনের সহযোগি জেএমবির তিন সদস্য চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের তিন ছাত্রকে।

