সোমবার, ১১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আল্লামা মো. ইকবাল আর নেই।
সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বাদ জোহর হাটহাজারীর ধলই গ্রামের নিজ বাড়ীতে জানাযা শেষে তাকে দাফন করা হবে। এর আগে আজ সোমবার বিকাল ৫ টায় ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তার মরদেহ এম এ আজিজ স্টেডিয়ামে আনা হবে। বাদ এশা নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম এবং মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় লালদীঘি ময়দানে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে আল্লামা ইকবালের মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মেজবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

