শনিবার, ১৪ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
ঢাকা ঃ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘এডুমেকার ল্যাপটপ মেলা ২০১৫’ এর পরিসমাপ্তি হলো। র্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতার পুরস্কারসহ ক্রেতাদের সন্তুষ্টি নিয়ে পণ্য বেচাকেনা শেষ করলো প্রযুক্তি প্রদর্শন করা প্রতিষ্ঠানগুলো।
এই মেলায় ডেল ল্যাপটপ কিনে সাইকেল জিতে নেয়া একজন বললেন, ‘উপহার সবসময় আকর্ষণের। সাইকেল পেয়ে খুব ভালো লাগছে। সকালের ব্যায়ামটা এবার সাইকেল দিয়েই করবো।’
প্যাভেলিয়নগুলো তাদের লাকি কুপনের পুরস্কার দিয়েছে বেশ হইচই করে।
এবারের মেলায় অংশ নিয়েছিল স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভো, এইচটিএস, গ্যাজেট গ্যাং সেভেন, ডিএক্স জেনারেশন, মাইক্রোল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সল্যুউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেডসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।
এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্টের মতো ব্র্যান্ডের পণ্য ছিল মেলার প্রদর্শনীতে।
মেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে। বিপুল উপস্থিতি এবং পণ্যের সহজলভ্যতা মেলাকে পরিপূর্ণ করেছে। ক্রেতা-বিক্রেতা উভয়ই খুশি। এমন মেলায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।’
তিনদিনের মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মধ্যম মানের ল্যাপটপগুলো। এছাড়া যাদের বাজেট বেশি ও কাজের সুবিধার জন্য হাইএন্ডের ল্যাপটপ দরকার তারাও কয়েক হাজার টাকা ছাড়ে এসব ল্যাপটপ কিনছেন। এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এডুমেকার’। সহ-পৃষ্ঠপোষক ছিল ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো।
গ্লোবাল ব্র্যান্ডের গণসংযোগ কর্মকর্তা নুসরাত জাহান মৌরি বলেন, ‘গ্লোবাল ব্র্যান্ড ৮টি স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। মেলা উপলক্ষে আমরা বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করেছি যেগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের বিক্রিও হয়েছে ভালো। সবচেয়ে বড় কথা প্রযুক্তিপ্রেমীদের কাছে আমরা মেলার মাধ্যমে নিজেদের তুলে ধরতে পারি, যা আমাদের পণ্য বিক্রিতে কার্যকরী প্রভাব ফেলে।’
এবার প্রযুক্তির নানা যন্ত্রাংশ ও এক্সেসরিজও ভালো বিক্রি হয়েছে। বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে মাউস, কিবোর্ড, পেনড্রাইভের মতো নানান যন্ত্রাংশের প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। মূলত দাম কিছুটা কম হওয়ায় এসব যন্ত্রাংশ ভালো বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শেষ মুহূর্তে পাওয়ার ব্যাংক ও স্মার্ট ওয়াচ কিনেছেন বেসরকারি ফার্মে কর্মরত কাজী রত্না। তিনি বলেন, ‘মেলায় এসে কিছু কিনবো না তা কি হয়! তবে দাম আমি আরও সাশ্রয়ী চাই। যেদিন পানির দামে ল্যাপটপ পাবো, সেদিন বন্ধু বান্ধবের জন্য গিফট কিনবো ল্যাপটপ।’
সংবাদকর্মী এম. রেজাউল করিম মেলায় এসে একটি ট্যাব কিনেছেন। সেঙ্গ একটি পাওয়ার ব্যাংক পাওয়াতে তিনি খুব খুশি। বাংলামেইলকে তিনি জানান, ‘মোবাইলের চার্জ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। সারাদিন ব্যাকআপ দেয়ার জন্য ট্যাবের সঙ্গে পাওয়ার ব্যাংক পেয়ে আমি খুব বেশি। এমন আয়োজন আরো বেশি বেশি হওয়া উচিৎ।’
মেলা শেষ হওয়ার আধা ঘণ্টা আগে এসেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমাইরা সাইদা। আগে থেকেই পছন্দ করা ছিল এইচপি ব্যান্ডের ল্যাপটপ। তাই আর ঘোরাঘুরি না করে সরাসরি এইচপির প্যাভেলিয়নে চলে যান তিনি। কিনে ফেলেন পছন্দের ল্যাপটপটি। সাইদা বলেন, ‘অনেকদিন থেকেই মেলার জন্য অপেক্ষা করছিলাম। নিজের উপার্জিত অর্থ দিয়ে কেনা বলে উত্তেজনাটাও বেশি। ব্যস্ততা শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেল। তাও কিনতে পেরে আমি খুশি।’
বিভিন্ন পেশার বিভিন্ন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পর্দা নামলো ‘এডুমেকার ল্যাপটপ ফেয়ার ২০১৫’ এর। প্রযুক্তিপ্রেমীদের ভালোবাসায় সিক্ত মেলা বার বার ফিরে আসুক এমনই প্রত্যাশা সকলের।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action