রবিবার ,১৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিশেষ প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বর্তমান সরকার। ঢাকায় দু’দিনব্যাপী উন্নয়ন ফোরামের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু তহবিলের অর্থছাড়ে বাধা দূর করতে হবে। বাংলাদেশ এরই মধ্যে ক্লাইমেট চেইঞ্জ ফান্ড গঠন করার কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, বৈদেশিক সহায়তার উপর নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রবৃদ্ধি বেড়েছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন,’বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।’
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে গত ৬ বছর ধরে বিদেশি সহায়তা আসা কমে গেছে। তবে এ সময়ে দেশে আর্থ-সামাজিক অবস্থার যথেষ্ট উন্নয়ন হয়েছে।
এছাড়া, এখন সব দেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action