সোমবার, ১৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : প্যারিসের মর্মান্তিক ঘটনার পরপরই কানাডার একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মসজিদটির দেয়ালসহ আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয় নি। এ ঘটনাকে মুসলিমদের প্রতি বিদ্বেষ মনে করছেন স্থানীয় মুসলিমরা। এ ঘটনায় ধর্মীয় দাঙ্গা আরো বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকেই।
শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টায় কানাডার কেন্দ্রীয় ওনটারির প্রদেশের ওটোনাবি নদীর পাড়ে পিটারবোরো নগরীর মসজিদ আস-সালামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নগরীর এটিই একমাত্র মসজিদ।
তবে নগরীর মেয়র এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, বিদ্বেষের কারণে যদি মসজিদে আগুন দেয়া হয়ে থাকে তবে তার সঙ্গে কানাডার সাধারণ মানুষের কোনো যোগসূত্র নেই।
স্থানীয় মুসলিম ধর্মাবলম্বীদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেঞ্জু আবদেল্লা জানান, এক শিশুর জন্মদিন উদযাপনে সবাই জমায়েত হয়েছিল। সবাই চলে যাওয়ার আধা ঘণ্টা পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার তদন্ত চলছে দাবি করে পুলিশ জানিয়েছে, মসজিদ আস-সালামে কেন আগুন দেয়া হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, মসজিদ মেরামতে ৮০ হাজার ডলার লাগবে বলে মনে করা হচ্ছে। এ জন্য চাঁদা ও দান সংগ্রহ করছেন স্থানীয় মুসলমানরা।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action