মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৪ জুন ২০১৬

শনিবার (৪ জুন) সকালে নিজ বাসভবনে পটিয়ার শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাতের সময় ফুলেল শুভেচ্ছা জানান মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম : বাঁশখালীতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ‘পেটানোর’ ঘটনায় স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা করায় নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আজ শনিবার (৪ জুন) সকালে নিজ বাসভবনে পটিয়ার শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
এসময় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে কিছু অবাঞ্চিত ঘটনা ঘটেছে। বাঁশখালীর সরকার দলীয় সাংসদও নিজের অনুগত প্রার্থীর পক্ষে অনৈতিক কাজে জড়িত করতে সরকারি ক্যাডার ভূক্ত কর্মকর্তাকে প্রহার করেছেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করায় আমি নির্বাচন কমিশনারকে সাধুবাদ জানাই।’
তিনি বলেন, ‘চট্টগ্রামকে মেগাসিটিতে রূপান্তরে কর্ণফুলী নদী সংলগ্ন দক্ষিণ জনপদকে সম্পৃক্ত করতে হবে। এই অঞ্চলকে শিল্পায়নের জন্যে সরকারি সেবা সম্প্রসারিত করা জরুরি প্রয়োজন। দক্ষিণ জনপদে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নত না হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আস্থা হারাবেন। তাই এ ব্যাপারে তাদের সচেতন থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘কর্ণফুলী নদী সংলগ্ন দক্ষিণ জনপদকে শিল্পায়নে আমি যথেষ্ট গুরুত্ব দিই। কর্ণফুলী নদীকে বাঁচিয়ে চট্টগ্রাম বন্দরের নাব্যতা রক্ষায় আমার লড়াই অব্যাহত থাকবে। এ জন্য আমি কর্ণফুলী নদী সংলগ্ন গ্রাম জনপদের সহযোগিতা চাই।
এসময় শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম মহিউদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন-সাইফুল ইসলাম (ফারুক), নুরুন্নবী, ইলিয়াছ, মহিউদ্দিন মুরাদ, নুরুল আলম, আলমগীর, আলমগীর হোসেন, নাজিম উদ্দিন, ফয়সাল, পিংকু কুমার শীল, ইয়াছিন আরাফাত, আমির আহম্মদ প্রমুখ।
