নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
বৃৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬
জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যের আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার (০৭ জুলাই) জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের মেয়র বলেন, যারা সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ ও সতর্ক হবার আহবান জানাচ্ছি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের মতো ঘৃণ্য কর্মকাণ্ড প্রতিরোধ করি।’
তিনি বলেন, দেশের মানুষ যাতে শান্তিতে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছি
জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব জালালউদ্দিন আল কাদেরি।
নামাজ শেষে খুতবায় মসজিদের খতিব জালালউদ্দিন আল কাদেরি বলেন, ‘ হে আল্লাহ, ইসলাম শান্তির ধর্ম, সুন্দর ধর্ম। দুশমনকূল ইসলামের ভুল ব্যাখা দিয়ে মুসলমানদের কলংকিত করছে। এই কলংক থেকে আপনি বাংলাদেশকে এবং মুসলমানদেরকে রক্ষা করুন।’
‘আল্লাহ, আপনি এদেশের মানুষের শান্তি নাজিল করে দেন। বিশ্বের মুসলমানদের উপর শান্তি নাজিল করে দেন।’
নামাজ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে জালালউদ্দিন আল কাদেরি বলেন, ইসলাম এবং মুসলমানদের যারা দুর্নাম রটাচ্ছে আমরা তাদের নিন্দা করছি।
ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। রসূলে পাক (স:) আমাদের শান্তির শিক্ষা দিয়ে গেছেন। আমরা শান্তিকে ভালবাসি, আমরা জঙ্গিবাদকে ভালবাসিনা। ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করেনা।
‘আমি বলছি জঙ্গিবাদকে ইসলাম পছন্দ করেনা, আল্লাহ রসূল পছন্দ করেনা। জঙ্গিবাদ ঘৃণ্য কাজ, ঘৃণ্য কাজ ঘৃণ্য কাজ।’



You must log in to post a comment.