মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক ঃ সবকিছু ঠিক থাকলে ঈদের পরপরই পাকিস্তানের সফরে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় দল, এমনটাই জানিয়েছেন বিসিবি নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান।
তবে, নিরাপত্তার ইস্যুতে এর আগে ছেলেদের দল যেখানে পাঠানো হয়নি, সেখানে কেন নারীদের পাঠানো হচ্ছে, এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন ক্রীড়া বিশ্লেষকরা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরে আমন্ত্রণটা অনেক আগেই দিয়ে রেখেছিল পিসিবি। কিন্তু নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বারবার পিছিয়ে আসলেও সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনের পর সফরের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বিসিবি।
এদিকে, পরিদর্শক দলের প্রতিবেদন ইতিবাচক হওয়ায়, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন, বিসিবি’র নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরী। তবে, ছেলেদের জাতীয় দলের ব্যস্ত সূচির কারণেই নাকি তাদের পাকিস্তান সফরে পাঠানো হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এর আগে পাকিস্তান সফরে জাতীয় দলকে যেখানে নিরাপত্তার কারণে পাঠানো হয়নি, সেখানে কেন নারী দলকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া বিশ্লেষকরা। পাশাপাশি, নারী দলকে কম গুরুত্ব দেয়া হচ্ছে বলেই পাকিস্তান সফরে তাদের ঠেলে পাঠাচ্ছে বিসিবি এমন অভিযোগও উঠছে।
এদিকে, পাকিস্তান সফর নিয়ে নারী ক্রিকেটারদের গণমাধ্যমে কথা বলার ওপর এক রকম নিষেধাজ্ঞা জারি করেছে বিসিবি। ক্রিকেটারদের মতামত না জানলেও, বিসিবি’র দাবি নারী ক্রিকেটাররা পাকিস্তান সফরের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে।
তবে এত কিছুর পরও পাকিস্তানে সন্ত্রাসী হামলা যেখানে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে, সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দল কতটা নিরাপদ থাকবে সে প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেটাঙ্গনে।