বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫,সিটিজিবার্তা২৪ ডট কম,মো.তহিদুর রহমান রুবেল,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ‘‘শুধু নিজে শিখলেই-জানলেই হবেনা,অন্যদেরও শিখাতে হবে,জানাতে হবে । নিজে শিখব,অন্যকেও শিখাবো। আর ডিজিটাল/মাল্টিমিডিয়া কনটেন্ট’র মাধ্যমে পাঠদান পদ্ধতিটি আমদের দেশে চালু হয়েছে খুব বেশি দিন হয়নি। তাই পারস্পরিক সহযোগিতাই পারে,এ বিষয়ে নিজেদের দক্ষতাকে আরও বৃদ্ধি করতে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠদানে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত,টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ ( টিকিউআই-২) প্রকল্পের অধীন পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে,আজ খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোল্লা মো. মিজানুর রহমান এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন,শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এটি একটি অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ ।
এ প্রশিক্ষন কর্মশালায় শিক্ষকগণ যা শিখলেন,তা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নে আন্তরিক হওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।
খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভেন্যু প্রধান শ্রীলা তালুকদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহাজাহান ।
বিশেষ অতিথি বলেন,আমরা সবাই শিক্ষা তথা একই পরিবারের সদস্য। আমরা সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি,আমাদের শিক্ষার মান আরও উন্নত হবে। আমরা পাব একটি উন্নত দক্ষতাসম্পন্ন সুশিক্ষিত জাতি ।
সভাপতি বলেন,একটি সুন্দর আগামীর জন্য আমাদেরকে একনিষ্টভাবে কাজ করতে হবে। আমাদের প্রয়োজনীয় অনেককিছুর ঘাটতি আছে। তারপরও যা আছে তাই নিয়েই আমাদেরকে সোনার বাংলা বিনির্মাণে কাজ করতে হবে।
গত শনিবার থেকে শুরু হওয়া পাচঁদিন ব্যাপী এ কর্মশালায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩০ জন শিক্ষক প্রশিক্ষণর্থী হিসাবে অংশ নেয়। এ কর্মশালায় কোর্স কো-অর্ডিনেটর ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার দাস।