সোমবার, ১১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকমঃ
শাহরিয়ার, চট্টগ্রামঃ এক দফার প্রবক্তা স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক এম এ আজিজের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহযোগীও ছিলেন তিনি।
তিনি ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম পুরোধা।
এক ভয়ংকর উপনিবেশিক সময়ে এম এ আজিজ জন্মগ্রহণ করেছিলেন। সংগ্রাম করেছেন প্রথমে ব্রিটিশ উপনিবেশ এবং পরবর্তীতে পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে।
বঙ্গবন্ধুর উত্থাপিত ৬ দফার প্রথম সমর্থক এম এ আজিজ ১৯৭০ সালে বলেছিলেন, ‘৬ দফা না মানলে এক দফার সংগ্রাম শুরু হবে।’ এ বক্তব্যের জন্য তিনি জেলও খেটেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি এম এ আজিজের অবিচল আস্থা ছিল। কিন্তু সময়ের প্রয়োজনে নিজের উপলব্ধিজাত বক্তব্য প্রদানে তিনি কখনও ক্ষান্ত হতেন না।
জননেতা এম এ আজিজ চট্টগ্রাম তথা বাংলাদেশের রাজনীতিতে একজন অনুকরণীয় ও বর্ণাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত। ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের কর্ণধার প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকাল ১০টায় হালিশহরস’ মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


