সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। তাই বিশ্ববিদ্যালয়ের সবকটি বিভাগে নোটিস বোর্ডে শোভা পাচ্ছে ‘পূর্ববর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ’।
এদিকে নোটিসের বিষয়ে জানতে চাইলে বিভাগ সমূহের কর্মচারিরা জানান, শিক্ষকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি চলমান হওয়াই উপরের নির্দেশেই এমন বোর্ডে নোটিস টানানো হয়েছে।
সোমবার থেকে শুরু হওয়া শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির প্রথম দিনে আন্দোলনের অংশ হিসেবে অালোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা দু’টোই না হওয়ায় অনেক শিক্ষার্থীকে বাড়িতে চলে যেতে দেখা গেছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেন স্টেশনে কথা হয় বাড়ি যেতে অপেক্ষমান সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওশিন আক্তারের সাথে।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় অচল হয়ে আছে। ভেবেছিলাম হয়তো সরকারের সাথে শিক্ষকদের কোনো একটা সমঝোতা হয়ে যাবে, কিন্তু গতকাল (রোববার) শুনলাম সমঝোতা না হওয়াই এখন থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলবে। তাই কয়েকদিনের জন্য বাড়িতে চলে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন এখন পর্যন্ত বেতন কাঠামো নিয়ে কোনো আলোচনা তাদের সাথে হয়নি। যার ফলে পূর্ববর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে বলে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসি বলেন,‘ আজ (সোমবার) পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সাথে নীতি নির্ধারকদের কোনো প্রকার সমঝোতা হয়নি। তাই এ কর্মবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলমান থাকবে ।
শিক্ষকদের এ কর্মবিরতি শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এ কর্মবিরতির ফলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবেনা । কারণ যদি এটির সমাধান হয় তাহলে এ কয়দিনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা আমরা মিটিয়ে দিব। প্রয়োজনে শুক্রবার ও শনিবারও ক্লাস-পরীক্ষা নিয়ে এ ক্ষতি পূরণ করা হবে।’
প্রসঙ্গত, ৮ম বেতন কাঠামো গেজেটে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৭ম জাতীয় বেতন কাঠামোর অনুরুপ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা. ৭ম জাতীয় বেতন কাঠামোতে বিদ্যমান সুযোগ-সুবিধা কোনোভাবে না কমানো ও ৮ম জাতীয় বেতন কাঠামোতে যে সুপার গ্রেড সৃষ্টি করা হয়েছে তাতে সিলেকশন গ্রেড প্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে ১টি অংশকে উন্নীত করার আশ্বাস প্রতিফলন না হওয়ায় গত ৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে । বাংলামেইল


