ব্রেকিং নিউজ

সভামঞ্চে বসেই শিশুদের অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রীর প্রকাশ্যে ধূমপান

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম 
brahmanbaria_minister pic 1_4103

সভামঞ্চে বসেই শিশুদের অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রীর প্রকাশ্যে ধূমপান।

নিউজ ডেস্ক ঃ গত বছরের ২৪ জানুয়ারি সিলেটের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার আগে মঞ্চে বসেই ধূমপান করে সব মহলের সমালোচনায় পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।   বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় সমাজসেবা অধিদফতরের পৃথক দুটি প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে সভামঞ্চে বসেই আবারও শিশুদের অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করলেন তিনি।

 

বৃহস্পতিবার দুপুর ও বিকেলে সমাজসেবা অধিদফতরের অধীন ব্রাহ্মণবাড়িয়ার চারটি প্রতিষ্ঠান ও একটি স্কুলের মতবিনিময় সভায় যোগ দেন সমাজকল্যাণমন্ত্রী। বিকেল ৪টার দিকে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া শহরের ঘাটুরা এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের বালিকা নিবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা চলাকালে মন্ত্রী মঞ্চে বসে প্রকাশ্যে সিগারেট ধরান। এরপর তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বে-সুরো গলায় গান করেন। মন্ত্রীর এমন কাণ্ড দেখে উপস্থিত লোকজন হাসিতে মেতে উঠেন।

 

তার ধূমপানের ঘটনায় উপস্থিত সুধীমহল হকচকিত হয়ে পড়লেও মন্ত্রী নির্বিকার ভাবে ধূমপান করে যান এবং সভাগুলোতে বেসুরো গলায় গান গেয়ে শিশু ও সুধীজনের সঙ্গে তামাশায় মেতে উঠেন। তার ধূমপানের এ ঘটনা সাংবাদিকরা দেখে ফেলায় তাদের ছবি ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়। এই নিয়ে মন্ত্রীর দেহরক্ষী সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তাকে চোখ বন্ধ করে শিশুদের উদ্দেশে বক্তব্য রাখতে দেখা যায়।

 

এর আগে শহরের পাইকপাড়ায় মূক-বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির অনুষ্ঠান উপভোগের সময়েও সভা মঞ্চে বসেই শিশুদের সামনে প্রকাশ্যে ধূমপান করেন তিনি।