ব্রেকিং নিউজ

২০০ মিটারেও স্বর্ণ জিতলেন বোল্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম,  অনলাইন ডেস্ক

 Ushain_Bold

খেলাধুলা ঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের পর পুরুষদের ২০০ মিটার ইভেন্টেও স্বর্ণপদক জিতেছেন উসাইন বোল্ট।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার চীনের বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে ১৯ দশমিক ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণপদক জেতেন জ্যামাইকার এ স্প্রিন্টার, যা ২০০ মিটার ইভেন্টে বছরের সেরা টাইমিং।

১০০ মিটার ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই করলেও ২০০ মিটারে বোল্টের কাছে পাত্তাই পাননি যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। ১৯ দশমিক ৭৪ সেকেন্ড দৌড় শেষ করে গ্যাটলিন জিতেছেন রৌপ্য।

এছাড়া দক্ষিণ আফ্রিকার স্প্রিন্টার অ্যানাসো জোবোডওয়ানা ১৯ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

স্বর্ণপদক জয়ের পর উচ্ছ্বসিত বোল্ট বলেন, ‘এটা আমার কাছে বিশেষ কিছু।’

তিনি বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবমিলিয়ে ১০টি স্বর্ণপদক জয় করতে পেরে আমি খুশি, বিশেষত যখন লোকজন বলছিল যে আমি হেরে যেতে পারি।’

নিজের সামর্থ্যের প্রতি পুরোপুরি আস্থা ছিল জানিয়ে অলিম্পিকে ছয়বার স্বর্ণজয়ী এই স্প্রিন্টার বলেন, ‘আমি পুরো মাত্রায় আত্মবিশ্বাসী ছিলাম। আমার কোচ আত্মবিশ্বাসী থাকলে আমি তার চেয়েও বেশি আত্মবিশ্বাসী থাকি।’

এর আগে রোববার বার্ডস নেস্ট স্টেডিয়ামেই ১০০ মিটার ইভেন্টে ৯ দশমিক ৭৯ সেকেন্ড দৌড় শেষ করে স্বর্ণ জেতেন বোল্ট। ওই ইভেন্টে দ্বিতীয় হওয়া গ্যাটলিন দৌড় শেষ করেছিলেন ৯ দশমিক ৮০ সেকেন্ডে।

বেইজিংয়ে চলমান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ইভেন্টেও অংশ নেবেন বোল্ট।