শনিবার, ২৯ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক ঃ নতুন মৌসুমে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। আধিপত্য বিস্তারের রেসে শনিবার মাঠে নামছে ইপিএলের সেরা ক্লাবগুলো। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়।
এদিকে, স্ট্যামফোর্ড ব্রিজে লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। অন্যদিকে, এতিহাদ স্টেডিয়ামে ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আর অ্যানফিল্ডে ওয়েস্টহ্যামের প্রতিপক্ষ লিভারপুল। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
নতুন মৌসুম। নতুন চ্যালেঞ্জ। হয়তো বদলে যাবে অনেক পরিসংখ্যান। নানা সমীক্ষা, বিশ্লেষণ, হিসেব নিকেশের কাঁটা ছেঁড়াকে ভুল প্রমাণ করে তৈরি হবে নতুন রাজত্ব। তবে হয়তো, যদি- এসব নয়, পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফুটবল লিগে আধিপত্য বিস্তার করতে, মাঠের লড়াইয়ে জয়ের বিকল্প নেই। তা ভালোই জানা আছে ইপিএলের সেরা ক্লাবগুলোর। আগের মৌসুমের সাফল্য বা হতাশা ভুলে নতুন মৌসুমে তাই শুরু থেকেই ম্যাচ জিততে মরিয়া দলগুলো।
এতে,নিউক্যাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে থেকেই নামবে আর্সেনাল। দু’দলের মুখোমুখি দেখায় সবশেষ ২৮ ম্যাচে গানারদের বিপক্ষে মাত্র ৩টিতে জয়ের মুখ দেখেছে স্টিভ ম্যাকলারেনের শিষ্যরা। পাশাপাশি, নিউক্যাসলের বিপক্ষে গেলো ৯ ম্যাচে না হারার রেকর্ড বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। আগের মৌসুমে তৃতীয় অবস্থানে থেকে লিগ শেষ করলেও, নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় ১৩ বারের ইপিএল চ্যাম্পিয়নরা।
এদিকে, ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ব্লুজদের কোচ হিসেবে এটি স্ট্যামফোর্ড ব্রিজে হোসে মরিনহোর ১০০তম ম্যাচ হওয়ায় তাতে বাড়তি মাত্রা যোগ হয়েছে। কারণ, তার মধ্যে ৭৬টিতেই জয়ের অনন্য রেকর্ড আছে মরিনহোর। সেই সাথে লিগে প্যালেসের বিপক্ষে ১২ ম্যাচে ৯টিতেই জয়ের পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা পাচ্ছে ব্লুজরাও। আর চেলসি শিবিরের নতুন দুই তারকা পেদ্রো ও ফ্যালকাওয়ের উপর বাড়তি নজর থাকবে সমর্থকদের।
অন্যদিকে, এ মৌসুমে ৩ ম্যাচের সবক’টিতেই জয় পাওয়া ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে মুখোমুখি হবে দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া ওয়াটফোর্ডের। নিজেদের মাঠে শেষ ১৮ ম্যাচের ১৪টিতেই জয় আছে পেল্লেগ্রিনির শিষ্যদের। সেই সাথে এতিহাদ স্টেডিয়ামে শেষ ৮ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৬ গোলের রেকর্ড আছে লিগের বর্তমান রানার আপদের।
আর অ্যানফিল্ডে লিভারপুলের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম। যে মাঠে ৪২ ম্যাচ ধরে জয়ের মুখ দেখেনি অতিথিরা। তাই ফুটবল বিশ্লেষকরা জয়ের বাজি হয়তো ধরবেন অল রেডদের পক্ষেই। তবে ইপিএলের ১৮বারের চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সদ্যই আর্সেনালকে হারের তিক্ততা উপহার দেয়া ওয়েস্টহ্যামও।
Ctgbarta24.com 24 hours Online News Paper